ডেইলি স্টার অফিসে ভাঙচুর-আগুন

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক রাত ১২টার দিকে একদল লোক এই হামলা চালায়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির খবর পাওয়ার পরে শাহবাগে আন্দোলনরতরা কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। পরে তারা ডেইলি স্টার পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করে। এ সময় এই পত্রিকার অফিসে থাকা সংবাদকর্মীরা ছাদে আশ্রয় নিয়েছেন। অনেকেই ছাদে আটকা পড়েছেন।

ডেইলি স্টারের এক সংবাদকর্মী বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই এখন ছাদে উঠে আশ্রয় নিয়েছি।

ভবনটিতে আটকা পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ফেসবুকে লিখেছেন, ‘আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।’

এখন ডেইলি স্টার অফিসের সামনে থেকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়ার কাজ করছে সেনাবাহিনী। রাত ১২টা ৫৮ মিনিটের দিকে সেখানে এসে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসকর্মীরা। তারা ভবনের ছাদে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন।