স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রিমান্ডে

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী শেখ শিমনকে (২১) এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. আয়েশা সিদ্দিকার আদালত এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে তোলে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। আসামির সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। বিপরীতে আসামির জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রাব্বানী। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, গত ৮ নভেম্বর দুপুরে সাভার নিউ মার্কেটের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৫ থেকে ২০ নেতাকর্মী মিছিল করে। মিছিল থেকে ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘হঠাও ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ’, এমন স্লোগান দেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

মিছিলের ঘটনায় হওয়া মামলায় গত ৯ নভেম্বর রাত ২টার দিকে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সমর্থক তারা। গ্রেফতার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা নষ্টের জন্য মিছিল করে।

গত ১৬ ডিসেম্বর সাভার স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আশুলিয়া থানা পুলিশের কাছে আটক হন শিমন। পরে তদন্ত করে দেখা যায়, ৯ নভেম্বরের মিছিলে তিনি ছিলেন। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।