রাজধানীর রূপনগর থানা এলাকায় দিনব্যাপী এক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ জানুয়ারি) রূপনগর থানা পুলিশের পৃথক দল এই অভিযান চালায়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— লিটন (৩৫), লাবনী (৩০), মো. শাহিন (১৮), মো. কালু (৩০), মো. বশির (৩০), মো. সাদ্দাম হোসেন (২৭), মো. হাসান (২৩) ও মো. অপু (১৯)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, রূপনগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। রূপনগর থানা পুলিশ রবিবার দিনভর থানার বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে এই আটজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার (১২ জানুয়ারি) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে, রাজধানীর জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।