ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার ভুক্তভোগীর বিয়ে বন্ধের নির্দেশ চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ রিটটি খারিজ করেন।
আদালতে রিটের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মো. রাকিবুল হাসান।
রিট খারিজের পর এই আইনজীবী বলেন, “রিটে আইন সচিবের পরিবর্তে স্বরাষ্ট্র সচিবকে প্রথম বিবাদী হিসেবে উল্লেখ করেছি। এ কারণেই হাইকোর্ট বেঞ্চ আমার রিটটি শুনানির জন্য উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন। আমি আবেদনটি সংশোধন করে খুব শিগগির আবার বেঞ্চে উপস্থাপন করবো।”
এর আগে ২০২৫ সালের ২২ অক্টোবর ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সিরাজগঞ্জের বাসিন্দা আইনজীবী রাকিবুল এ রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আইন মন্ত্রণালয়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ পুলিশের আইজি, কারা অধিদফতরের মহাপরিচালক এবং সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়।
রিটে ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।