রাজধানীর যাত্রাবাড়ী কাজলায় কাভার্ড ভ্যানের চাপায় এক রিকশা চালক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে বাবুলকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম বাবুল হাওলাদার সাগর (৪৫)। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ মদনপুরে। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যাত্রাবাড়ী শনিরআকড়া এলাকায় থাকতেন তিনি।
এসব তথ্য নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ বলেন, বাবুল কাজলা টোলপ্লাজা অদূরে তার ব্যাটারিচালিত অটোরিকশা যান্ত্রিক ত্রুটি সারিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।