রাজধানীতে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার 

রাজধানীর হাতিরঝিল চৌধুরী পাড়ার একটি বাসা থেকে সোনিয়া (১৭) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, নিজের ওপর অভিমান করে আত্মহত্যা করে ওই নারী।

নিহত সোনিয়া ভোলার চরফ্যাশান উপজেলার চরমাইনকা বেপারি বাড়ি গ্রামের মৃত দুলাল বেপারীর মেয়ে। পশ্চিম চৌধুরী পাড়ার এএসএম ইকবাল হোসেনের দ্বিতীয় তলার ভাড়া বাসায় গৃহকর্মীর কাজ করতো।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় জানান, রবিবার রাতে সবার অগোচরে রুমের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় সোনিয়া। গৃহকর্তার মেয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এ ফোন দিলে সেখান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

দীন বন্ধু রায় বলেন, “প্রাথমিকভাবে জানা যায়, গৃহকর্মী সোনিয়া নিজের ওপর অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে, তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।”