ধরাছোঁয়ার বাইরে মীমের খুনিরা

রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে চাঞ্চল্যকর সাদিয়া রহমান মীম হত্যাকাণ্ডের খুনিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। গত শনিবার (২১ জানুয়ারি) সংঘটিত হত্যাকাণ্ডের পর পুলিশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে, তবে হত্যাকারী বা তাদের উদ্দেশ্য শনাক্ত করতে পারেনি। পুলিশ বলছে, খুনিরা নিহতের পূর্বপরিচিত; ঘটনাটি অত্যন্ত নির্মমভাবে সংঘটিত হয়েছে।

গুলশান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি এবং করছি। তবে এখনও খুনিদের বা হত্যার মোটিভের বিষয়ে স্পষ্ট তথ্য পাইনি। থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ ও র‌্যাব খুনিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।”

ওসি আরও বলেন, “মোটিফ ও হত্যার ধরন দেখে মনে হচ্ছে মীম পরিচিত কারও চরম আক্রোশের শিকার হয়েছেন। আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।”

নিহত মীমের বড় বোন শাহিদা আক্তার গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, “আমার বোনের সঙ্গে কারও শত্রুতা ছিল বলে কখনও শুনিনি। কারা কেন তাকে এত নৃশংসভাবে মারলো, আমি এর বিচার চাই।”

পুলিশ নিহতের রুমমেট নুসরাত, নুসরাতের বন্ধু লিজা, রাব্বি ও মুরাদকে জিজ্ঞাসাবাদ করছে। এছাড়া আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার মোটিভ বা খুনির পরিচয় শনাক্ত হয়নি।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পেশাগত দ্বন্দ্ব, প্রেমঘটিত জটিলতা বা পরিচিত মহলের সঙ্গে আর্থিক লেনদেনের বিরোধ হত্যাকাণ্ডের মূল কারণ হতে পারে। খুনিরা মীমের পরিচিত হওয়ার সম্ভাবনাই বেশি। বাসার ভেতরে ঢুকে এত নৃশংস হামলা চালিয়ে পালানো কোনও আগন্তুকের পক্ষে কঠিন।

পুলিশ মনে করছে, এটি কেবল হত্যাকাণ্ড নয়, বরং চরম আক্রোশ ও দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। নিহতের শরীরের উপরের অংশে ২০টিরও বেশি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বলেন, “নাভি থেকে মুখমণ্ডল পর্যন্ত অন্তত ২০টি গভীর ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘরে থাকা সাধারণ ফল কাটার চাকু দিয়েই তাকে উপর্যুপরি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আঘাতের ধরন দেখাচ্ছে, খুনি ব্যক্তিগত আক্রোশ থেকে অত্যন্ত ঠান্ডামাথায় নৃশংসতা চালিয়েছে।”

উল্লেখ্য, গত শনিবার রাতে গুলশানের কালাচাঁদপুরে একটি বাসা থেকে মীমের গলা কাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। মীম পার্লারে কাজ করতেন। বিভিন্ন বারেও ড্যান্স করতেন তিনি।