মুছাব্বির হত্যা: আরেক শুটার গ্রেফতার

স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মোছাব্বির (৪৪) হত্যা মামলায় আরেক শুটার রহিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নরসিংদী থেকে তা‌কে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান এখনও চলমান।

এর আগে মোছাব্বির হত্যার ঘটনায় গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জন‌কে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। গ্রেফতার ব্যক্তিরা হলো জিন্নাত (২৪), আব্দুল কাদির (২৮) ও মো. রিয়াজ (৩২)।

গত ৭ জানুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। নিহত মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া আক্তার বাদী হয়ে অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে এই মামলা করেন।