রাজধানীর ভাটারা এলাকার নতুনবাজারের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টা ১৮ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, রাত ৮টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। রাত ৮টা ২৩ মিনিটে ইউনিটগুলো পৌঁছে কাজ শুরু করে। দীর্ঘ এক ঘণ্টারও বেশি সময় প্রচেষ্টার পর রাত ৯টা ২২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে অগ্নিকাণ্ডের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজে কিছুটা বেগ পেতে হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।