ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) প্রস্তুতকারী প্রতিষ্ঠান অনুমোদনের অংশ হিসেবে প্রাথমিকভাবে বুয়েট পরীক্ষিত ই-রিকশা পরিদর্শন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ) বিকেলে নগর ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পরীক্ষিত ১৩টি প্রতিষ্ঠানের এসব ই-রিকশা পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
পরিদর্শনকালে প্রশাসক জানান, ডিএসসিসির চারটি অঞ্চলে যথাক্রমে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্পোরেশন এলাকায় চলাচলের উপযোগী ই-রিকশা উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যে ১১টি প্রতিষ্ঠানের নকশাকৃত ই-রিকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় (সেফটি টেস্ট) উত্তীর্ণ হয়েছে এবং আরও ৪টি প্রতিষ্ঠানের পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তী ধাপে প্রতিষ্ঠানগুলো নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করবে। কাগজপত্র যাচাই-বাছাই ও কারখানা পরিদর্শন শেষে নীতিমালা অনুযায়ী সন্তোষজনক ফলাফল পাওয়া গেলে তাদের উৎপাদনের অনুমতি দেওয়া হবে।
বিদ্যমান অটোরিকশার ভবিষ্যৎ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, ‘বিষয়টি নতুন বা পুরাতন মডেলের নয়; বরং যাত্রীর নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে মুখ্য। বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন বা পুরাতন যেকোনো মডেলকেই লাইসেন্স দেওয়া হবে। তবে নির্দিষ্ট জোনে নির্ধারিত সংখ্যার বেশি কাউকেই লাইসেন্স প্রদান করা হবে না।’
তিনি আরও জানান, উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স এবং মালিকদের নিবন্ধন—উভয় প্রক্রিয়াই নীতিমালা শতভাগ অনুসরণ করে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ সাপেক্ষে একজন মালিক সর্বোচ্চ ৫টি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন। গত ৩ নভেম্বর থেকে নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হওয়ার পর আজ রবিবার পর্যন্ত প্রায় ২৭ হাজার ফরম বিক্রি হয়েছে।