‘ধানমন্ডি এলাকা দখলমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত অভিযান চলবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৫ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৫

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকাকে পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর সিটি কলেজ মোড় এলাকায় ডিএসসিসি পরিচালিত উচ্ছেদ অভিযান পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

অভিযানকালে প্রশাসকের উপস্থিতিতে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ এবং রাস্তায় রাখা মালামাল ও দোকানের সরঞ্জাম জব্দ করেন করপোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মালিকদের নিজস্ব নির্ধারিত জায়গার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করা যাবে না এবং প্রতিষ্ঠানের সামনে কোনও হকার বসতে দেওয়া যাবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত সব সময় উন্মুক্ত রাখতে হবে।

নিউমার্কেট এলাকার ফুটপাত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, নিউমার্কেটের মূল সড়ক এবং ২ নম্বর গেট থেকে ৪ নম্বর গেট পর্যন্ত ফুটপাতে কোনও হকার বসতে পারবে না। তবে হকারদের পুনর্বাসন বা বিকল্প জায়গার ব্যবস্থার বিষয়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই হকাররাও ব্যবসা করার সুযোগ পাক, তবে তা রাস্তা ও ফুটপাত বন্ধ করে নয়। সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা চলছে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানের কথা জানিয়ে মো. আবদুস সালাম বলেন, জরিপে ধানমন্ডিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই এখানে নতুন করে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। ভবনের নিচে, রাস্তার পাশে কিংবা ড্রেনে যেন এডিস মশার লার্ভা না জমে, সে জন্য তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকাকে একটি সবুজ ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বিএনপিসহ সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মতো জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

তবে উচ্ছেদ অভিযান চালানোর এখতিয়ার কেবল সিটি করপোরেশনের উল্লেখ করে তিনি সতর্ক করেন, সিটি করপোরেশন ছাড়া অন্য কেউ কোনও ধরনের উচ্ছেদ অভিযান চালাতে পারবে না।

এছাড়া ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টি করে জনগণের সমর্থন পাওয়া যায় না; গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের জন্য সবাইকে ধৈর্য ধরতে হবে।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজস্ব কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
যাত্রীর শরীরে চারটি স্বর্ণসদৃশ বস্তু, অন্তর্বাসেও ‘স্বর্ণের পেস্ট’
মোহাম্মদপুরে ‘জাকির গ্রুপের’ চার সদস্য গ্রেফতার 
রাজধানীতে অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ সদস্য গ্রেফতার 
সর্বশেষ খবর
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
ইরানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ১২, আহত ১৬
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
যাত্রীর শরীরে চারটি স্বর্ণসদৃশ বস্তু, অন্তর্বাসেও ‘স্বর্ণের পেস্ট’
যাত্রীর শরীরে চারটি স্বর্ণসদৃশ বস্তু, অন্তর্বাসেও ‘স্বর্ণের পেস্ট’
‘গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
‘গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ