রাজধানীর পল্লবী এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছে মো. আলাল (৩৭) নামে এক অস্ত্রধারী। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে পল্লবীর তালতলা বস্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাতে থানার একটি টিম ডিউটি করার সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে পল্লবীর ১১ নম্বর সেকশনের এফ ব্লকের তালতলা বস্তির ভাড়া বাসায় একজন ব্যক্তি বিদেশি পিস্তল ও গুলি নিয়ে অবস্থান করছে। ওই তথ্যে থানা-পুলিশ এবং যৌথ বাহিনীর টিম দ্রুত সেখানে পৌঁছায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আলালকে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেফতার করা হয়। আলালের বিরুদ্ধে পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিসি আরও জানান, আলাল একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। সে পল্লবী থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজের উদ্দেশে ওই পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজ হেফাজতে রেখেছিলেন।
পল্লবী থানা সূত্রে জানা গেছে, আলাল পল্লবী এলাকায় শুটার আলাল হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পল্লবী থানায় পুলিশ অ্যাসল্ট মামলা একটি, ডাকাতির প্রস্তুতি মামলা দুটি, মাদক মামলা দুটি, মারামারি মামলাসহ মোট সাতটি মামলা বিচারাধীন।