রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, “মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিএমপির কোতোয়ালি থানার এসআই নুরুজ্জামান আদালত চার্জশিট দাখিল করেন। আগামী ৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন আদালত।” তবে, কবে চার্জশিট দাখিল করা হয়েছে তা আশিস বিন হাছান স্পষ্ট করেননি।
চার্জশিটে বলা হয়, সালমান এফ রহমান ও আনিসুল হক যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও অনুমোদন ছাড়া ব্যবসায়িক উদ্দেশে বৈদেশিক মুদ্রা নিজেদের কাছে রাখেন। তারা জব্দকৃত বৈদেশিক মুদ্রার বিষয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৩ আগস্ট সদরঘাট থেকে আনিসুল হক ও সালমান এফ রহমানকে আটক করে পুলিশ। ওই সময় আনিসুল হকের কাছে থাকা ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার ও ৭২৬ সিঙ্গাপুর ডলার জব্দ করা হয়। আর সালমান এফ রহমানের কাছ থেকে ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইস ফ্রাঙ্ক, সাড়ে ৮ হাজার দিরহাম, ১৩ লাখ উজবেকিস্তান সোম, ১১ হাজার ৬৫০ সৌদি রিয়াল, ৭৭৯ সিঙ্গাপুর ডলার, ১৫০ পাউন্ড, এক হাজার ৩২১ ইউরো, ছয় হাজার ২৩০ ভুটানের গুলট্রাম, ৩৩২০ থাই বাথ ও ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
এই ঘটনার জেরে ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর নিউমার্কেট থানার এসআই মো. সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন।