শ্যামল দত্ত ও তার স্ত্রী-মেয়ের ১৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাংবাদিক শ্যামল দত্ত, তার স্ত্রী সঞ্চিতা দত্ত ও মেয়ে সুষমা শশী দত্তের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১৮ হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব অ্যাকাউন্টে পাঁচ কোটি ৩২ লাখ ১৯ হাজার ৬৫ টাকা রয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক বায়োজিদুর রহমান খান আবেদন করেন।

আবেদনে বলা হয়, শ্যামল দত্ত, তার স্ত্রী, মেয়ে ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে বেশ কিছু অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানকালে এসব অস্থাবর সম্পদ অর্জনের স্বপক্ষে কোনও সুস্পষ্ট উৎস পাওয়া যায়নি। এসব সম্পদ নানাভাবে হস্তান্তর/স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে যা মানিলন্ডারিং জনিত অপরাধ। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।

২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্তকে আটক করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।