বেবিচকের ই/এম বিভাগে অনিয়মের অভিযোগ, আলোচনায় দুই প্রকৌশলী ও পিএস

ইমরান আলী
২৭ নভেম্বর ২০২৬, ১৬:০০ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:০০
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশল বিভাগের ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল (ই/এম) বিভাগে ঠিকাদারদের বিল পরিশোধে ১০ শতাংশ পর্যন্ত কমিশন দাবি, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট টিমের এই অভিযানে গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়। অভিযোগগুলো ঘিরে আলোচনায় এসেছেন বিভাগের প্রধান শুভাশিষ বড়ুয়া, দুই প্রকৌশলী এনামুল কবির ও আব্দুল্লাহ আল মামুন এবং বিভাগীয় প্রধানের ব্যক্তিগত সহকারী (পিএস) আনোয়ার হোসেন।

দুদকের অভিযান ও অভিযোগ সম্পর্কে বেবিচক চেয়ারম্যানের বক্তব্যের বরাত দিয়ে জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ বলেন, দুর্নীতির ব্যাপারে বেবিচকের অবস্থান সবসময় জিরো টলারেন্স। দুদকের চাহিদা অনুযায়ী সব কাগজপত্র সরবরাহ করা হয়েছে। আরও প্রয়োজন হলে সেগুলোও দেওয়া হবে।

তিনি বলেন, দুদকের অনুসন্ধানে কারও বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের অনুসরণ করা প্রক্রিয়ায় বেবিচক সহায়তা করবে। কোনও দুর্নীতিবাজকে বেবিচক প্রশ্রয় দেবে না।

দুদকের অভিযান ও যেসব অভিযোগ


জানা যায়, বুধবার দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম ই/এম বিভাগে ঠিকাদারি কাজের বিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি, সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে অভিযান চালায়। অভিযানে সরঞ্জাম কেনার নামে ভুয়া বিল-ভাউচার তৈরি এবং ঠিকাদারদের বিল পরিশোধে কমিশন দাবির অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়। যন্ত্রপাতি কেনাকাটা ও মেরামতের নামেও সরকারি অর্থ আত্মসাতের তথ্য পান দুদকের কর্মকর্তারা।

বিলসংক্রান্ত বিভিন্ন নথি পর্যালোচনা করে প্রাথমিকভাবে নানা অসংগতি দেখতে পায় এনফোর্সমেন্ট টিম। পাশাপাশি ঠিকাদারদের বিল ও সরঞ্জাম কেনাকাটার অভিযোগ যাচাইয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ জানান, সংগৃহীত তথ্য-উপাত্ত, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

দুদকের এ অভিযান ঘিরে বেবিচকের কর্মকর্তাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বিভাগটিতে নানা অনিয়মের অভিযোগ থাকলেও কার্যত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অভিযানে সন্তোষ প্রকাশ করে বেবিচকের কয়েকজন কর্মকর্তা দীর্ঘদিনের অনিয়মের অভিযোগ তদন্ত করে দায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, এই বিভাগের দুই প্রকৌশলী এনামুল কবির ও মামুন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দলীয় ক্যাডারের ভূমিকা পালন করেছেন। প্রতিটি টেন্ডারের কাজে অযাচিতভাবে হস্তক্ষেপ, কমিশন ও বিল বাণিজ্য এবং টেন্ডার অনুযায়ী কম কেনাকাটা করে পুরো বিল তুলে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বর্তমানেও এসব অনিয়ম চলছে বলে অভিযোগ করেন তারা।

একটি ঠিকাদারি কাজে অংশ নেওয়ার কারণে এনামুল কবির এক ঠিকাদারকে সরাসরি হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। পরে ওই ঠিকাদার বেবিচক চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। তার নাম মিলন পারভেজ। ঠিকাদার মিলন পারভেজ বলেন, অক্টোবরে একটি ঠিকাদারি কাজে অংশ নেওয়ার কারণে প্রকৌশলী এনামুল কবির তাকে মোবাইল ফোনে হুমকি দেন। এ কারণে তিনি বেবিচক চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন।

তিনি বলেন, ‘একজন কর্মকর্তা হিসেবে তার আচরণ মারমুখী। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে তিনি প্রায়ই অন্য ঠিকাদারদের এভাবে হুমকি দেন।’

ওভারটাইমের হিসাবে অনিয়ম

অভিযান নিয়ে দুদকের সহকারী পরিচালক রুবেল হোসেন বলেন, ‘২০২৬ সালের অক্টোবর মাসে শাহজাহান হোসেন নামে একজনের ওভারটাইম দেখানো হয়েছে ২০৯ ঘণ্টা। কিন্তু হাজিরা খাতার হিসাব অনুযায়ী তার কর্মঘণ্টা পাওয়া গেছে ১৬১ ঘণ্টা। অর্থাৎ ৪৮ ঘণ্টা বেশি দেখানো হয়েছে।’

কোনও কোনও দিন কর্মস্থলে উপস্থিত না থাকলেও সংশ্লিষ্ট কর্মীদের মোট কর্মঘণ্টার হিসাবে তা যুক্ত করা হয়েছে। ২০২৫ সালের হাজিরা খাতা পর্যালোচনা করেও একই ধরনের অনিয়ম পেয়েছে দুদক। সেখানে কর্মঘণ্টা ১৪২ ও ১৪৫ ঘণ্টা থাকার পরও ২০৩ থেকে ৪০০ ঘণ্টা পর্যন্ত ওভারটাইম দেখানোর তথ্য পাওয়া গেছে।

বছরজুড়ে প্রতি শনিবার ২১ ঘণ্টা করে কাজ দেখানোর তথ্য তুলে ধরে রুবেল হোসেন বলেন, ‘আমি জানি না কোন অফিসে শনিবারে ২১ ঘণ্টা কাজ হয়!’ অভিযান চলার সময়ও একজনকে ওভারটাইমের তথ্য পূরণ করতে দেখেছেন বলে জানান তিনি। কোন কর্মচারী কত ঘণ্টা ওভারটাইম করবেন, সে বিষয়ে কোনও অফিস আদেশ বা অনুমোদনের নথি অভিযানের সময় পাওয়া যায়নি।

তিনি বলেন, “অফিস প্রধান মানে ইউনিট প্রধানের সাথে কথা হলো, উনি নিজেই জানেন না কে কত ঘণ্টা ওভারটাইম করতেছে। কোনো অফিস আদেশ নাই।”

তিনি জানান, ওভারটাইমের হিসাব রাখা হয় হাতে লেখা হাজিরা খাতায়। সেখানে বিভিন্ন জায়গায় কাটাকাটি ও তথ্য পরিবর্তনের চিহ্ন পাওয়া গেছে। কোনও কোনও পাতায় সিল ও স্বাক্ষরও নেই। ই/এম বিভাগে বছরে ওভারটাইম বাবদ বরাদ্দ ৫ লাখ ১৫ হাজার টাকা। এ টাকা তিন থেকে চারজনের মধ্যে ভাগ করে দেওয়ার তথ্য পাওয়া গেছে।

রুবেল হোসেন আরও বলেন, ওভারটাইমের হিসাব তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তার গাফিলতি রয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।

কমিশন না দিলে বিল আটকে রাখার অভিযোগ

ঠিকাদাররা ১০ থেকে ২০ শতাংশ কমিশন না দিলে প্রকল্পের বিল আটকে রাখা হয় বলে দুদকের কাছে অভিযোগ এসেছে।

এ ছাড়া আলোকসজ্জার সরঞ্জাম, এক্স-রে মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনা ও মেরামতের নামে ভুয়া বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

এসব কেনাকাটার নথিপত্র চাওয়া হলেও অভিযানের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তা দিতে পারেননি। নথি সরবরাহের জন্য তারা একদিন সময় চেয়েছেন বলে জানান দুদক কর্মকর্তা রুবেল হোসেন।

শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ মন্ত্রণালয়ে

ই/এম বিভাগ থেকে বিভিন্ন বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কাজ নির্দিষ্ট ব্যবসায়ী ও দলীয় সিন্ডিকেটের মাধ্যমে বাস্তবায়ন করে কয়েকজন কর্মকর্তা কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিয়েছেন—এমন অভিযোগে সম্প্রতি মন্ত্রণালয়ে লিখিত আবেদন জমা দেওয়া হয়।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শুভাংশু বড়ুয়া বিগত ১৫ বছর ধরে সাবেক সরকারের প্রভাবশালী রাজনৈতিক নেতা ও তাদের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দিতেন। তার ব্যবসায়িক অংশীদার ‘শাওন ইলেকট্রিক’-এর মালিক দেলোয়ার হোসেনের মাধ্যমে যশোর বিমানবন্দরের রানওয়ে লাইটিং ও ট্যাক্সিওয়ে লাইটিং এবং রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে লাইটিংয়ের যাবতীয় কাজ বাস্তবায়ন করা হয়।

এসব কাজের মূল্যায়নে ১ শতাংশ, ডেভিয়েশনে ৫০ শতাংশ এবং বিল পরিশোধের সময় চেকের পরিমাণের ২ শতাংশ হারে নির্দিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে কমিশন নেওয়া হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, বরিশাল বিমানবন্দরের গত ১৫ বছরের প্রায় সব কাজই পেয়েছে ‘মেসার্স আতিক কনস্ট্রাকশন’। এ ছাড়া দুলাল এন্টারপ্রাইজের নামে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরসহ অন্যান্য বিমানবন্দরে বড় বড় উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়।

অভিযোগে দাবি করা হয়, দুর্নীতির মাধ্যমে সংগৃহীত টাকা শুভাংশু বড়ুয়ার পিএস আনোয়ার হোসেনের মাধ্যমে নেওয়া হতো।

এদিকে মামুনের বিরুদ্ধে প্রতিটি কাজে ৫ শতাংশ কমিশন নিয়ে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে। ডিভিশন-৩-এর আওতায় কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দরের উন্নয়নকাজের বিল থেকে তিনি অর্থ নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া কুমিল্লা বিমানবন্দরের বিভিন্ন কাজেও কমিশন না দিলে বিল ছাড় হয় না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিভাগীয় প্রধান শুভাশিষ বড়ুয়ার আশ্রয়-প্রশ্রয়ে প্রকৌশলী মামুন, এনামুল কবির ও পিএস আনোয়ার এসব অনিয়মের মূল হোতা বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে প্রকৌশলী এনামুল ও মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনও মন্তব্য করতে রাজি হননি। বিভাগীয় প্রধান শুভাশিষ বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেহেতু দুদক তদন্ত করছে, সেহেতু এ বিষয়ে কোনও মন্তব্য করার প্রয়োজন নেই।
 
/ইউএস/ 
সম্পর্কিত
ফেসবুকে পোস্ট দিয়ে বিমান কর্মকর্তা বরখাস্ত, কী লেখা তাতে
২৫ টাকার টয়লেট টিস্যু সরকারি প্রতিষ্ঠান কিনলো ৬৯ টাকা দরে
এক সরকারি হাসপাতালে হঠাৎ দুদকের অভিযান, যেসব জালিয়াতি ধরা পড়লো
সর্বশেষ খবর
জুমার পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, দিলেন উপহার
জুমার পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, দিলেন উপহার
ফেসবুকে পোস্ট দিয়ে বিমান কর্মকর্তা বরখাস্ত, কী লেখা তাতে
ফেসবুকে পোস্ট দিয়ে বিমান কর্মকর্তা বরখাস্ত, কী লেখা তাতে
কেজরিওয়ালের ‘শিশমহলে’ কী দেখালো বিজেপি?
কেজরিওয়ালের ‘শিশমহলে’ কী দেখালো বিজেপি?
হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু
হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন