দুবাইয়ে আটকে পড়া ইউএস-বাংলার পাইলট ও ক্রু নিরাপদে দেশে ফিরেছেন

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে দুবাইয়ে আটকে পড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু নিরাপদে দেশে ফিরেছেন। গত রাত আড়াইটার দিকে তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ মঙ্গলবার (৩ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

ইউএস-বাংলা জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থাজনিত কারণে আকাশপথ অস্থিতিশীল ও সীমাবদ্ধ হয়ে পড়ায় তাদের নিয়মিত ফ্লাইট BS344 (বোয়িং ৭৩৭) দুবাই বিমানবন্দরে প্রায় ৪৮ ঘণ্টারও বেশি সময় অবস্থান করতে বাধ্য হয়। এ সময় বিমানে থাকা ৩৯ জন পাইলট ও ক্রু সেখানে আটকা পড়েন। দুবাই বিমানবন্দরে কার্যক্রম অত্যন্ত সীমিত ও পরিস্থিতি সংবেদনশীল থাকায় তাদের নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়।

ইউএস-বাংলার দুবাই স্টেশন ও ঢাকা হেড অফিস কর্তৃপক্ষ স্থানীয় বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে একটি নিরাপদ করিডোর নিশ্চিত করার চেষ্টা চালায়। অবশেষে স্বল্প সময়ের জন্য একটি বিশেষ উড্ডয়ন অনুমতি পাওয়া যায়। 

সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় যাত্রীবিহীন ফ্লাইটে ৩৯ জন ক্রুকে নিয়ে BS344D ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করে। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটিই ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট। ফ্লাইটটির নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন সামসুজ্জাহান এবং ফার্স্ট অফিসার শাহাদাত। অত্যন্ত চ্যালেঞ্জিং ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও তারা পেশাদারিত্ব ও দক্ষতা বজায় রেখে নিরাপদে ঢাকায় অবতরণ করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল পরিস্থিতিতেও যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অঙ্গীকার। সফলভাবে ফিরে আসা পাইলট ও ক্রুদের সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেছে এয়ারলাইন্সটি।