ঢাকা মেডিক্যালের নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজারের চাঁনখারপুল এলাকার এক‌টি বাসা থেকে নাহিদা আক্তার ওরফে ববি (২৯) নামে এক নারীর ঝুলন্ত মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে তার মর‌দেহ উদ্ধার করা হয়। ববি ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতালের বার্ন ইউনিটের নার্স ছি‌লেন।

চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার এ তথ্য জানান।

চাঁনখারপুলে ভাড়া বাসায় স্বামী ইলিয়াস হোসেনকে নিয়ে থাকতেন নাহিদা। ইলিয়াস পেশায় ব্যবসায়ী। নাহিদের বাড়ি সিরাজগঞ্জ সদরে।

নাহিদার ফুফাতো ভাই ফরহাদ রহমান বলেন, নাহিদা ও ইলিয়াসের মধ্যে কলহ চলেছিল। নাহিদাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন ইলিয়াস। গত বছরের জানুয়ারিতে তার বিরুদ্ধে মামলা করে নাহিদা। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারেও যান ইলিয়াস। কারাগার থেকে বের হওয়ার পর তাদেরর মধ্যে আপস-মীমাংসা হয়।

তিনি বলেন, মৃত্যুর আগে নাহিদা একটি চিরকুট লিখে গেছেন। তাতে তিনি স্বামী ও তার শ্বশুড়বাড়ির লোকজনের নির্যাতনের কথা লিখেছেন।

ফরহাদ বলেন, ঘটনার আগে সন্ধ্যায় তারা দুজনেই বাসায় আসেন এবং তাদের মধ্যে ঝগড়া হয়। পরে ইলিয়াস চলে যান বলে প্রতিবেশীদের কাছ থেকে শুনেছি। ঘটনার পর থেকে তার কোনও খোঁজ নেই। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এসআই মো. কাউছার বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পায় পুলিশ। পরে চাঁনখারপুল এলাকায় ভাড়া বাসার দরজা ভেঙে নাহিদাকে অচেতন অবস্থায় মর‌দেহ উদ্ধার করা হয়। সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিলেন তিনি। আইনিপ্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রাত পৌনে ২টার দিকে মর‌দেহ ঢাকা মেডিক্যাল কলেজ হসহাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, পুরো বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।

এ ঘটনা ও অভিযোগের বিষয়ে ইলিয়াস বা তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।