ভাটারায় পাওনাদারের লাঠির আঘাতে নিরাপত্তাকর্মী নিহত, একজন গ্রেফতার

রাজধানীর ভাটারায় পাওনা টাকা লেনদেন নিয়ে বিরোধে জেরে লাঠির আঘাতে মো. রাকিব হাসান (২৪) নামে নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মাসুদ রানা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস বলেন, বুধবার (১৮ মার্চ) বিকালে ওই ঘটনা ঘটে। পরে রাতে কর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের কর্মকর্তা বলেন, বুধবার বিকালে কুড়িল বাজার রোডে একটি সিকিউরিটি কোম্পানির গার্ডদের মেছে রাকিব হাসানের সঙ্গে তারই সহকর্মী শাকিল আলীর মধ্যে ১৩ হাজার পাওনা টাকা লেনদেন নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

তিনি বলেন, শাকিল আলী ও তার সহযোগী মাসুদ রানা রাকিব হাসানকে মারধর করে। শাকিল কাঠের লাঠি দিয়ে রাকিবের বাম কানের নিচে জোরে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় কুমির্টোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জানান, ঘটনার পর শাকিল পালিয়ে গেলেও মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শাকিলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর চর রমনী মহন গ্রামের সোহরোয়ার্দীর ছেলে রাকিব। বর্তমানে জোয়ার সাহারা এলাকায় থাকতেন।