বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ গ্রেফতার ২ 

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন— মো. সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও মো. সবুজ ওরফে ইমন (২৫)। 

রবিবার (২২ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, রবিবার সকালে থানার একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে দুইজন ব্যক্তি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে খিলগাঁও থানাধীন শেখের জায়গায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে সাফায়েত ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা খিলগাঁও থানা এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করার উদ্দেশে উক্ত পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট ৪টি মামলা এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির ২টি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।