এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানবপাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি প্রধান জানান, সোমবার গভীর রাতে বারিধারার একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এখন পর্যন্ত ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ফেনী জেলায় তিনটি মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় পাঁচটি এবং ফেনীতে আরও তিনটিসহ মোট আটটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। পাশাপাশি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতেও তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগের তদন্ত চলছে।
গ্রেফতার মাসুদের বিরুদ্ধে ডিএমপির বনানী, পল্টন, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা, মানবপাচার প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং সংক্রান্ত মামলা রয়েছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, তাকে প্রাথমিকভাবে পল্টন থানার একটি মানবপাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ওই মামলায় তিনি ৩ নম্বর এজাহারভুক্ত আসামি। সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
একই সঙ্গে আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি।