চট্টগ্রামের হালীশহরের একটি ভাড়া বাসায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ৯ জনের মধ্যে ১০ বছর বয়সী উম্মে আয়মন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
আয়মন জাতীয় বার্ণ ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টার দিকে মারা যায়। একই ঘটনায় তার চাচাতো ভাই-বোন, ৮ বছর বয়সী আনাছ ও ৪ বছর বয়সী আয়েশা এখনও চিকিৎসাধীন।
বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আয়মনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এর আগে একই ঘটনায় তার বাবা, মা, ভাই ও চাচাসহ আরও সাতজন মারা গেছেন।
নিহত আয়মন কুমিল্লার বড়ুরা উপজেলার আড্ডা ইউনিয়নের বাঘমারা গ্রামের ব্যবসায়ী শাখাওয়াত হোসেনের মেয়ে।
বিস্ফোরণের ঘটনাটি ঘটে ২৩ ফেব্রুয়ারি ভোরে, চট্টগ্রামের হালীশহরের এইচ ব্লক এলাকার একটি অষ্টম তলা ভবনের তৃতীয় তলায়। সেহেরি খাওয়ার সময় ডাইনিং টেবিলে বসা অবস্থায় হঠাৎ বিস্ফোরণটি ঘটে। এতে বাসায় থাকা ৯ জন দগ্ধ হন।