তেজগাঁওয়ে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করা নাসা গ্রুপের শ্রমিকরা পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে দিয়েছেন। বর্তমানে তেজগাঁও মহাখালী সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে কয়েকশ’ শ্রমিক সড়কে অবস্থান নেওয়ায় মহাখালী ও তেজগাঁওমুখী গুরুত্বপূর্ণ রুটে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তারা মালিকপক্ষ এবং শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনা করেন।

সভা শেষে শ্রমিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা আগামীকাল সকাল ১১টায় শ্রমিক প্রতিনিধি, নাসা মেইনল্যান্ডের মালিকপক্ষ এবং বিজিএমইএ সভাপতিসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি বিশেষ সভা আহ্বান করেছি।

মন্ত্রী আরও উল্লেখ করেন, বিষয়টি নিয়ে কিছু আইনি জটিলতা ও মামলা-মোকদ্দমা রয়েছে। তাই এমন একটি সমাধান বের করা হবে যাতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত না হন এবং মালিকপক্ষও তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১১টার দিকে মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডে নাসা গ্রুপের অন্তত ৭০০ থেকে ৮০০ শ্রমিক অবস্থান নেন। এতে তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁও অভিমুখী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকরা তাদের বেতন-ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে পুলিশের অনুরোধে বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে অবস্থান নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাসেল রানা বলেন, শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় সড়কে ডাইভারশন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশের অনুরোধে তারা সরে যান।