ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ হয়ে যাওয়া জরুরি বিভাগের সেবা প্রায় তিন ঘণ্টা পর আবার চালু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং নিরাপত্তাজনিত কারণে জরুরি বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে রাত ১০টা ১৫ মিনিটের দিকে পুনরায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা চালু করা হয়।
এদিকে, শিক্ষার্থী-ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে মারামারির ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই কমিটিকে আগমী ১১ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে, সংঘর্ষের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কমপ্লিট শাটডাউনের আল্টিমেটাম দিয়েছেন ইনটার্ন চিকিৎসকেরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানিম ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশনে লিখিত ওষুধটি বাইরের কয়েকটি ফার্মেসিতে না পেয়ে আবার ঢামেকে যান। তিনি ওষুধটি পরিবর্তন করার জন্য ডাক্তারকে অনুরোধ করেন। পরে এটি নিয়ে সেখানে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।