রাজধানীর বনানী থানাধীন মহাখালী ব্রাক ইউনিভার্সিটির সংলগ্ন পানির ট্যাংকির গলিতে ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকালে তিনি ছুরিকাঘাতের শিকার হন। ক্যানসার হাসপাতালে অফিস শেষে পায়ে হেটে স্বাস্থ্য অধিদফতরের পেছনে বাসায় ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে সেখানকার ক্যানসার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানকার ভিআইপি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহামেদ জানিয়েছেন, তার হাতে, বাম বাহুতে ও পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে। তাকে ভর্তি দেওয়া হয়েছে। তিনি আশংকামুক্ত রয়েছেন।
আহত উপ-পরিচালক বলেন, “তিনি পায়ে হাটে যাওয়ার সময়ে তাকে দুই যুবক পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
নাম প্রকাশ না করার শর্তে আহতের এক বন্ধু জানান, ইজিপির মাধ্যমে যে টেন্ডার হয়। সেই টেন্ডারের ব্যবস্থা করে দেওয়ার জন্য ১৪-১৫ দিন আগে রুবেল নামে একজন তাকে হুমকি দিয়েছিলেন। বিষয়টি তিনি তাদের ঊর্ধ্বতনদের জানিয়েছিলেন।
তিনি আরও বলেন, “তিনি গত দু’মাস আগে জাতীয় ক্যানসার হাসপাতালে জয়েন্ট করেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদফতরের শৃঙ্খলা কমিটির পরিচালক ছিলেন।”
হুমকির বিষয়ে আহতের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “টেন্ডার পাওয়ার জন্য অনেকই ফোন দিতো।” তবে হুমকির বিষয়টি এড়িয়ে যান তিনি।