রাজধানীর কদমতলীর বাসা থেকে শারমিন আক্তার সেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) বিকালে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মুশাহিদুল ইসলাম বলেন, কদমতলীর জুরাইন কমিশনার রোডের চতুর্থ তলার পূর্ব পাশের ভাড়া বাসায় স্বামীর সঙ্গে থাকতেন ওই নারী।
তিনি জানান, ৯৯৯ এ মাধ্যমে সংবাদ পেয়ে রবিবার বিকালে গিয়ে দেখতে পান, রুম বাইরে থেকে তালা দেওয়া। ভেতর থেকে দুর্গন্ধ আসছে। আশপাশের লোকজনের উপস্থিতিতে তালা ভেঙে ভেতরে দেখতে পান, ফ্লোরে ওপর পঁচা গলা অবস্থায় পড়ে আছে ওই নারী। তার শরীরের কয়েক স্থানে কাটা জখমও রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে বাইরে থেকে তালা বন্ধ করে চলে গেছে হত্যাকারী। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যায়নি। রুম থেকে একটি আইডি কার্ড পাওয়া যায়। সেটা থেকে জানা যায়, শারমিন আনসার সদস্য ছিলেন। পরিবারে শ্যামপুরের পূর্ব ধোলাইপাড়ে থাকেন বলে জানা গেছে। তার বাবার নাম শাহআলম হাওলাদার।
বাড়ির মালিক আঞ্জু আরা ডলি পুলিশকে জানান, তারা স্বামী-স্ত্রী পরিচয়ে সাত-আট মাস ধরে ভাড়া থাকতো। তবে স্বামীর নাম তার মনে নেই।
পুলিশের ওই কর্মকর্তা বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে আরও বিস্তারিত জানা যাবে।