কদমতলীর ফোম কারখানায় আগুন যে কারণে

রাজধানীর কদমতলীর ফোম তৈরির কারখানায় বৈদ্যুতিক ক্রটি অগ্নিকাণ্ড ঘটেছে থে‌কে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ফায়ার সা‌র্ভিস

সংস্থার কর্মকর্তারা বল‌ছেন, ওই এলাকায় বৈদ্যুতিক গোলযোগ ‌ছিল। এতে কারখানায় বিদ্যুতের সমস‌্যা দেখা দেয়। প‌রে বিদ্যুৎকর্মীরা ‌গি‌য়ে সেই ত্রুটি সমাধান করেন। কিন্তু পরে বৈদ্যুতিক সংযোগ দিলে কারখানাটির ভেতরে থাকা সার্কিট থেকে অ‌গ্নিকা‌ণ্ডের সূত্রপাত ঘটে। 

এদি‌কে আগুন নেভা‌তে গি‌য়ে ফায়ার সার্ভিসের এক কর্মী অতিরিক্ত হিটে অসুস্থ হয়ে প‌ড়ে‌ছেন। প‌রে তা‌কে হাসপাতালে ভ‌র্তি করা হয়।  

শুক্রবার (৮ মে) রাতে আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, “আমরা ৬টা ২৪ মিনিটে আগুনের সংবাদ পাই। সঙ্গে সঙ্গে আমাদের কাঁচপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আমরা আরও দুটি ইউনিট পাঠাই। তারা এসে দেখে দাউদাউ করে চারদিকে আগুন জ্বলছে। যেহেতু আগুন মূল রাস্তা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে, সেকারণে এসে চারদিকে ব্যারিকেড দেওয়া হয়। পাশে একটা পুকুর পেয়েছি আমরা। পুকুরে অনেকগুলো পাম্প সেট করে আগুনের চারদিকে ব্যারিকেড দেওয়া হয় যেন আশপাশের দোকানগুলোতে ছড়াতে না পারে। ঠিক আমরা ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনি।” 

তিনি আরও বলেন, “পাশাপাশি দুটি অর্ধেক পাকা ভবনে আগুন ছিল। আমরা আসার পর দেখতে পাই দুটি ভবনে একই সঙ্গে আগুন জ্বল‌ছে। একটা ভবনের আগুন আমরা খুব দ্রুত নিয়ন্ত্রণে আনি। আর আরেকটি অর্ধেক পাকা ভবনের ওপরের টিনগুলো পুড়ে যাওয়ার কারণে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে সময় লাগে।”  

তি‌নি ব‌লেন, “যেহেতু এখানে ফোম ইন্ডাস্ট্রি, বিশেষ করে পরিত্যক্ত ফোম এনে রিসাইক্লিং করা হয় এখানে। তারা ম্যাট্রেস তৈরি করে, সঙ্গে ম্যাট্রেসের জন্য কিছু ইমপোর্ট করা কাপড়ও ছিল এবং কিছু টায়ার-জাতীয় জিনিস ছিল। যে কারণে আগুনটা খুব দ্রুত ছড়ায়, অনেক ওপরের দিকে উঠে যায়।” 

তিনি বলেন, “যথাসময়ে সঠিক পদ্ধতির মাধ্যমে আগুনের চারদিকে ব্যারিকেড দেওয়ার কারণে আশপাশে কোনও আবাসিক ভবনে ছড়াতে পারেনি। আগুন নেভাতে গিয়ে প্রচণ্ড হিট হচ্ছিল। হিটে আমাদের একজন ফায়ার ফাইটার একটু অসুস্থ হয়েছেন। তিনি হাসপাতালে ভর্তি, সুস্থ আছেন।” 

আগুনের কারণ জানতে চাইলে কাজী নজমুজ্জামান বলেন, “আগুনের সূত্রপাতের বিষয়ে বিশেষ করে জানতে পারলাম— এই এলাকায় বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল। যার কারণে বিদ্যুতের লোকজন এসেছিলেন এবং লাইনটা চালু করার সঙ্গে সঙ্গে তাদের (ফোম কারখানার) ভেতরে যে সার্কিটগুলো ছিল সেগুলোতে হঠাৎ করেই আগুন ধরে যায়।” তবে পুরোপুরি নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ বলা যা‌বে বলেও জানান তিনি।