সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে। এটি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সাফল্য বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় সীমান্ত পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) থেকে ১৩১ জন নাগরিককে পুশইনের চেষ্টা করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের কারণে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
একই সময়ে মিয়ানমার সীমান্তে ৮৯ জনের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয় এবং ২১ জন বাংলাদেশি নাগরিকের প্রত্যাবাসন সম্পন্ন করা হয়েছে বলেও তিনি জানান।
উপদেষ্টা আরও বলেন, ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৫৭তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে পুশইন ও সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দৃঢ় প্রতিবাদ জানানো হয়েছে।
সম্মেলনে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ, সমন্বিত টহল জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।