একনজরে আজকের আলোচিত খবর 

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। বৃহস্পতিবার (১৮ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন। 

জামায়াত আসলে কী চায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছিলেন, তার দল ক্ষমতায় গেলে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি নেবে না, প্রয়োজনে রিকশায় চলাফেরা করবেন। এমনকি সরকারি প্লট কিংবা ফ্ল্যাট না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তারই দলের একজন এমপি সংসদে সরকারি আবাসনে ব্যবহারের জন্য পর্দা, ওয়াশিং মেশিন আর মাইক্রোওয়েভ ওভেন চাচ্ছেন। বিষয়টি নিয়ে নানা মহলে আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন, সংসদের মতো এত জায়গায় দেশের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা না করে ব্যবহার্য জিনিসপত্র চাওয়া কতটুকু যৌক্তিক। দলের এই বিপরীতধর্মী অবস্থানের কারণে অনেকের মনে প্রশ্ন, জামায়াত আসলে কী চায়?

শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত

জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। এমন বক্তব্যের পর তা নিয়ে বিতর্কের মধ্যে জানা গেলো তার জন্ম ১৯৮১ সালে।

চুক্তির পরও ইরান-মার্কিন শান্তির পথে বাধা কী

টানা প্রায় চার মাস যুদ্ধের পর আগামী শুক্রবার সুইজারল্যান্ডে মুখোমুখি বসছেন যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনীতিকেরা। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতাদের অনুমোদিত সমঝোতা স্মারক-এর আওতায় এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে দুই পক্ষই এমন কিছু জটিল ও সংবেদনশীল চ্যালেঞ্জের মুখোমুখি, যা একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টাকে যেকোনো সময় ভেস্তে দিতে পারে।

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তাঁর স্ত্রী সাজিন আহমেদ নির্জনা। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা। তথ্যটি নিশ্চিত করেছেন জোভান নিজেই।

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচের আগে আলোচনায় রহস্যময় ড্রোন!

প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুই দলই। তাই বৃহস্পতিবার গুয়াদালাহারায় মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার লড়াইটি হয়ে উঠেছে গ্রুপ ‘এ’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। যে দল জিতবে, তাদের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত হবে। ম্যাচটি শুরু হবে শুক্রবার সকাল ৭টায়।