রাজধানীর গেন্ডারিয়ায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গোলাম মোস্তফা (৫২) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে গেন্ডারিয়ার ঘুন্ডিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে মো. ইউসুফ হাওলাদার জানান, তার বাবা পেশায় ব্যাটারিচালিত রিকশাচালক ছিলেন। সকালে রিকশা চালিয়ে ঘুন্ডিঘর এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশা তার রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
গোলাম মোস্তফা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।