ভারী বৃষ্টিতে জলে থইথই নগর, ভিজেই তদারকিতে ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে রাতভর টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলজট নিরসন এবং উপড়ে পড়া গাছ অপসারণ করে সড়ক সচল রাখতে ভোর থেকেই মাঠে কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ডভিত্তিক ইমারজেন্সি রেসপন্স টিম।

রবিবার (১২ জুলাই) ডিএসসিসির জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। এ পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সারা দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অব্যাহত বৃষ্টিপাতে সৃষ্ট জলজট দ্রুত নিরসনে ডিএসসিসির কমলাপুরের দুটি এবং ধোলাইখালের একটি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সড়কের পানি নিষ্কাশনের মুখগুলো সচল রাখতে ভোর থেকেই কাজ করছে ইমারজেন্সি রেসপন্স টিম।

গাছ অপসারণের কাজ তদারকিতে ডিএসসিসি প্রশাসক

এদিকে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর নীলক্ষেতসংলগ্ন আজিমপুরে ইডেন মহিলা কলেজের ২ নম্বর গেটের বিপরীত পাশে একটি বড় গাছ উপড়ে পড়ে সড়ক বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি হাঁটুসমান পানিতে দাঁড়িয়ে কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং গাছ অপসারণের কাজ সরেজমিনে তদারকি করেন। দুপুর ১টার দিকে গাছটি সরিয়ে নেওয়ার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সকাল থেকেই ডিএসসিসি প্রশাসক তার আওতাধীন এলাকার প্রধান সড়ক ও গলিপথ পরিদর্শন করেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় চলমান ইমারজেন্সি রেসপন্স টিমের পানি নিষ্কাশন কার্যক্রমও সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম বলেন, ‘টানা ভারী বর্ষণে সাময়িক জলজট তৈরি হলেও আমাদের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে মাঠে রয়েছে। জলাবদ্ধতা ও প্রতিবন্ধকতা দূর করে নগরজীবন স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

এ সময় যেকোনো পরিস্থিতিতে নাগরিকদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সবাইকে সম্মিলিতভাবে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

উদ্ভূত পরিস্থিতিতে ওয়াসা, ডিপিডিসি ও তিতাসসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার চলমান রাস্তা খননের ফলে সৃষ্টি হওয়া গর্ত এবং বিভিন্ন এলাকায় ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ থেকে সতর্ক থাকার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।