টানা বৃষ্টিতে পানিতে তলিয়েছে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ জুলাই ২০২৬, ১৫:৩৭আপডেট : ১২ জুলাই ২০২৬, ১৫:৫৩

বেশ কয়েকদিন ধরেই থেমে থেমে চলছে বৃষ্টি। কিন্তু গতকাল (শনিবার) রাত থেকে টানা বৃষ্টিতে কার্যত পানিতে তলিয়ে গেছে রাজধানী ঢাকার বেশিরভাগ এলাকা। প্রধান সড়ক থেকে অলিগলি—বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অফিসগামী মানুষের যাতায়াতে দুর্ভোগ, চালকদের অতিরিক্ত ভাড়া আদায়, যানবাহন বিকল হয়ে পড়া এবং ব্যবসায় মন্দা—সব মিলিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবসেই বিপাকে পড়েছেন রাজধানীর বাসিন্দারা।

অলিগলি থেকে প্রধান সড়ক—সবখানেই পানি

প্রায় পুরো ঢাকা শহর প্রায় পানিতে তলিয়ে গেছে। ধানমন্ডি, জিগাতলা, সাইন্সল্যাব, এলিফ্যান্ট রোড, মতিঝিল, খিলগাঁও, বনানী, খিলক্ষেত, মিরপুর ১০ নম্বর, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক থেকে গলির ভেতর পর্যন্ত পানি জমে গেছে। ফলে ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে কর্মস্থলে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপেই ভোগান্তির মুখে পড়তে হয়েছে নগরবাসীকে।

বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা। ছবি: নাসিরুল ইসলাম

মিরপুরের বাসিন্দা মাহফুজুর রহমান বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত। তার অফিস বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে। তিনি বলেন, ‘‘মিরপুর থেকে প্রতিদিনের মতো আজও মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশে বের হয়েছিলাম। কিন্তু বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের কাছে এসে দেখি রাস্তায় হাঁটুসমান পানি। সেই পানির মধ্যেই আমার বাইক বিকল হয়ে যায়। এরপর আর স্টার্টই নেয়নি।’’

তিনি বলেন, ‘‘বাধ্য হয়ে বাকি পথ মোটরসাইকেল ঠেলে হেঁটে অফিসে যেতে হয়েছে। নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে পারিনি। সময় ও শ্রম—দুটোই অতিরিক্ত ব্যয় হয়েছে।’’

অন্যদিকে, গ্রীন রোডের বাসিন্দা শামীমা নাসরিন একটি আন্তর্জাতিক এনজিওতে কর্মরত। তার অফিস গুলশানে। তিনি বলেন, ‘‘সকালে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দেখি বাসার সামনের রাস্তা পানিতে তলিয়ে গেছে। ভাবছিলাম কীভাবে অফিসে যাবো। তখনই অফিসের গ্রুপে জানানো হয়, আজকের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করা হয়েছে।’’

তিনি বলেন, ‘‘এতে অনেকটা স্বস্তি পেয়েছি। কারণ আজ ঢাকার প্রায় সব সড়কের অবস্থাই খুব খারাপ। অনেক জায়গায় পানি জমে আছে। তাই বাসা থেকে বের না হওয়াটাই ভালো হয়েছে।’’

অলিতে-গলিতে পানি। ছবি দুটি যথাক্রমে- জিগাতলা ও গ্রীনরোডের (সংগ্রহ করা)।

বৃষ্টিতে বাড়তি ভাড়া, ক্ষোভ যাত্রীদের

বৃষ্টি হলেই পরিবহন চালকদের বাড়তি ভাড়া আদায় এক স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে অন্যতম রিকশা ও সিএনজি চালকরা। প্রতিনিয়তই তাদের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে বাগবিতণ্ডা চোখে পড়ে। বৃষ্টি হলে তা যেন আরও বেড়ে যায়। এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। 

মিরপুরের বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘‘মিরপুর ২ নম্বর মসজিদ মার্কেট থেকে ১০ নম্বর মেট্রো স্টেশনের ভাড়া ৩০ থেকে ৪০ টাকা। আজকে চাচ্ছে ১০০ টাকা। অবাক হয়ে যাই আমি রিকশাওয়ালাদের কারবার দেখলে। বৃষ্টি হচ্ছে ঠিক আছে, তাদের যেমন সমস্যা আমাদেরও তেমন সমস্যা। তাই বলে ভাড়া চাওয়ার কোনও মাত্রা থাকবে না! তারা যা ইচ্ছা তাই চাইছে। এই বৃষ্টি-বাদলের দিনে অফিস যেতে এভাবেই অনেক খরচ বেড়ে যায়। যদি সম্ভব হতো তাহলে বেরই হতাম না।’’

এদিকে জিগাতলার বাসিন্দা আমিনুর রহমানের অভিযোগও একই রকম। তিনি বলেন, ‘‘আমার বাসার সামনে জিগাতলা পোস্ট অফিস। কাজের জন্য শাহবাগ যাবো, কিন্তু পানির জন্য পারছি না। রিকশা পাচ্ছি না। আর পেলেও ভাড়া চাচ্ছে অনেক বেশি। আমার বাসা থেকে জিগাতলা বাসস্ট্যান্ডের ভাড়া ২০ টাকা। কিন্তু আজকে কাউকে ৫০ টাকার নিচে চাইতে দেখছি না। আমি একবার এক রিকশা ডেকে সিটি কলেজ যেতে চাইলাম, সে আমার কাছে ভাড়া চাইলো ১০০ টাকা। অথচ সেখানে সর্বোচ্চ ভাড়া ৪০ টাকা।’’

রাজধানীজুড়ে বৃষ্টিতে নাকাল মানুষ। ছবি: নাসিরুল ইসলাম

‘পানি পার, পানি পার’ ডাকে ভ্যানে চড়ে বাসস্ট্যান্ডে

জিগাতলার বাসিন্দা সাব্বির আহমেদের অফিস মতিঝিলে। তিনি বলেন, ‘‘বাসা থেকে বের হয়ে আর বাসস্ট্যান্ডে যাওয়ার মতো অবস্থা নেই। হাঁটুর ওপরে পানি। রিকশা নিয়ে যে যাবো, তাও পারছি না। ৪০ মিনিট দাঁড়িয়ে থেকেও খালি রিকশা পেলাম না। ১০টায় অফিস, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। পরে হেঁটেই রওনা দেবো ভেবেছি। তখন দেখি একটা ভ্যানে পারাপার করছে। ডাকছে ‘পানি পার, পানি পার’। পরে ভ্যানে চড়ে ৫০ টাকা দিয়ে বাসস্ট্যান্ডে আসলাম। ভ্যানে বসে শার্টটা ছাতা দিয়ে শুকনা রাখতে পেরেছি, কিন্তু প্যান্ট ভিজে গেছে। এরপর মতিঝিলে এসে দেখি এখানেও পানি। পরে রিকশা পেয়ে অফিসে এলাম। এই হচ্ছে আমার সপ্তাহের শুরু।’’

শুধু যাত্রী নয়, বিপাকে চালকরাও

বৃষ্টিতে শুরু হওয়া জলাবদ্ধতার কারণে কেবল যাত্রীরাই নয়, ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরাও। অটোরিকশা চালক মো. মজিদ বলেন, ‘‘রিকশা নিয়ে বের হয়েছি সকালে। ভাবলাম আজকে বৃষ্টি আছে, কিছু টাকা বেশি পাওয়া যাবে। কিন্তু পানিতে ডুবে রিকশাই বন্ধ হয়ে গেছে। এখন যাচ্ছি মেকারের কাছে। আজকে সারাদিনের টাকাটাই মাইর গেল।’’

সিএনজি চালক আব্দুর রহমান বলেন, ‘‘আমাদের তো কাজ করেই যেতে হবে, যতই বৃষ্টি হোক। একদিন বসে থাকলেই আমাদের লস। তাই বৃষ্টির মধ্যেই বের হয়েছি। যদিও পানিতে গাড়ি চালানো কঠিন। কারণ বুঝতে পারি না কোথায় গর্ত আছে বা ম্যানহোলের ঢাকনা খোলা কিনা। তার মধ্যে যদি ইঞ্জিনে পানি ঢুকে তাহলে পুরো দিনই মাটি। তাই এরকম বৃষ্টির মধ্যে গাড়ি চালানো অনেক কঠিন। তারপর আবার ভাড়া একটু বেশি চাইলে যাত্রীদের নানান কথা শুনতে হয়।’’

অলি-গলিতে পানি। ছবি: নাসিরুল ইসলাম

বৃষ্টিতে কমেছে বেচাকেনা, দুশ্চিন্তায় ক্ষুদ্র ব্যবসায়ীরা

টানা বৃষ্টির প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরও। মিরপুর ২ নম্বর এলাকায় ভ্যানে সবজি বিক্রি করেন কাওসার মিয়া। তিনি বলেন, ‘‘এই দুই-তিনদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে, এটা আমাদের ব্যবসার অনেক ক্ষতি করলো। সব সবজির দাম তো বাড়তি আছেই। সঙ্গে আমি যে ভ্যানে করে সবজি বিক্রি করবো বা এক জায়গায় দাঁড়িয়ে বিক্রি করবো, সেটাও পারছি না। কারণ কাস্টমার বাসা থেকে বের হতে পারছেন না। আবার আমিও বৃষ্টিতে ভ্যান এত টেনে নিয়ে যেতে পারছি না। তাই বেচাকেনা খারাপ। তারপর আবার সবকিছুর দাম বেশি হওয়াতে মাল কিনতে পারি কম। এই কারণে আমার মতো যারা ভ্যানে করে তরকারি বিক্রি করে, সবারই বেচাকেনার অবস্থা খারাপ।’’

আরেক সবজি বিক্রেতা বিল্লাল হোসেন বলেন, ‘‘এরকম টানা বৃষ্টি হলে সবজির দাম আরও অনেক বেড়ে যাবে। তখন আমাদের মতো ছোট ব্যবসায়ীরা পড়বে বিপদে।’’

/এএজে/এমএএল/
সম্পর্কিত
সাত জেলায় বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
ভারী বৃষ্টিতে জলে থইথই নগর, ভিজেই তদারকিতে ডিএসসিসি প্রশাসক
রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে নিহত ২
সর্বশেষ খবর
মাত্র ২০ বছরের এক কবি, একটি কাব্যগ্রন্থ ও বিশ্বজোড়া প্রেমের উন্মাদনা
জন্মদিনেমাত্র ২০ বছরের এক কবি, একটি কাব্যগ্রন্থ ও বিশ্বজোড়া প্রেমের উন্মাদনা
ঢাকার সড়কে জলাবদ্ধতা: একটি ভুলই ডেকে আনতে পারে প্রাণঘাতী বিপদ
ঢাকার সড়কে জলাবদ্ধতা: একটি ভুলই ডেকে আনতে পারে প্রাণঘাতী বিপদ
বিনা জামানতে কত টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সংসদকে জানালেন অর্থমন্ত্রী
বিনা জামানতে কত টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা, সংসদকে জানালেন অর্থমন্ত্রী
রাজস্ব ফাঁকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে অর্থমন্ত্রী
রাজস্ব ফাঁকি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলেন এমপি হান্নান মাসউদ
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
আরেক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, কারণ কী
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
এক লাল কার্ডে বদলে গেলো আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের গতিপথ, কী ঘটেছিল
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণ ভাঙতে দেরি কেন, উত্তর দিলেন আলভারেজ 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা 
শাহজালালের দানবাক্সে প্রধানমন্ত্রীকে চিঠি, আছে সারওয়ার-মামুনুলের কথা