বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) ক্র্যাব মিলনায়তন (৩য় তলায়) উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বয়স ভিত্তিক ৩ গ্রুপে মোট ২৭ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী ২৩ জুলাই ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে।
প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগি অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ। সার্বিক তত্বাবধানে ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু জাফর।
এসময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল ও আইয়ুব আনসারীসহ ক্র্যাব সদস্য ও সন্তানদের মায়েরা উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে জয়নাল আবেদীনের সন্তান আবিদা জান্নাত খান আরোশী, দ্বিতীয় স্থান অধিকার করে জিলানী মিলটনের সন্তান এ আর তালহা এবং তৃতীয় স্থান অধিকার করেছে জাহেদ সেলিমের সন্তান অহর্নিশ দীপ্যময়ী।
‘খ’ গ্রুপে প্রথম হয়েছে জাহেদ সেলিমের সন্তান সমগীত আর্যগাঁথা, যৌথভাবে দ্বিতীয় হয়েছে মাসুম মিজানের সন্তান মাহাদ মিজান মন ও আতাউর রহমানের সন্তান আহনাফ রহমান সিদ্দিকী। এছাড়া তৃতীয় হয়েছে কামরুজ্জামান খানের সন্তান জুয়াইরিয়া জারিন খান।
‘গ’ গ্রুপে প্রথম হয়েছে শাহরিয়ার আরিফের সন্তান ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার, দ্বিতীয় হয়েছে হরলাল রায় সাগরের সন্তান অনুদীপ রায় স্নিগ্ধ, তৃতীয় হয়েছে ইমরান আলীর সন্তান সুমাইয়া ইসলাম সকাল।
প্রতিযোগিতার বিচারক মুকুল কুমার বাড়ৈ বলেন, বাচ্চাদের মননে যা আসে তা আঁকাআকি করাই চিত্রাঙ্কন। এতে শিশুদের মেধা বিকশিত হয়। এ ধরনের আয়োজন করার জন্য তিনি ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল আজকের অনুষ্ঠানে প্রতিযোগী ও উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরও ভালো চিত্রাঙ্কন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ক্র্যাব সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ বলেন, ক্র্যাব কার্যনির্বাহী কমিটি সব সময়ই সদস্যদের কল্যাণে কাজ করে আসছে। শুধু চিত্রাঙ্কন নয় আগামীতে নাচ-গানসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে।