জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব জমিতে বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত ফ্ল্যাট ভবন প্রকল্পের স্থাপত্য নকশা অনুমোদনের ক্ষমতা সংস্থাটির চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। ইমারত নির্মাণ আইন, ১৯৫২ অনুযায়ী তাঁকে ‘অথরাইজড অফিসার’-এর ক্ষমতা দেওয়া হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান এ তথ্য জানান। নকশা অনুমোদনের আগে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং বিদ্যমান ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে।
পরিত্যক্ত সম্পত্তির তালিকা, আইন ও বিধি পর্যালোচনা করে ব্যবস্থাপনা আধুনিকীকরণ, সরকারি স্বার্থ রক্ষা এবং জনসেবা সহজ করার কৌশল নির্ধারণে ২৩ জুলাই সভা হয়েছে।
রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় আবাসন ও বাণিজ্যিক অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক সড়কের প্লট আবাসিক থেকে বাণিজ্যিক ব্যবহারে রূপান্তরের জন্য বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি, রাজউকের মাস্টারপ্ল্যান এবং প্রাসঙ্গিক আইন-বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নীতিমালা প্রণয়নের কাজও চলছে।