গাড়ির ধাক্কায় প্রাণ গেলো পরিচ্ছন্নতাকর্মীর, বাড়িতে প্রতিমন্ত্রী, ডিএনসিসি প্রশাসক ও এমপি

রাজধানীর মধ্যবাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় শেফালী বেগম নামে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। খবর পেয়ে তার বাড়িতে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার (৩১ জুলাই) সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা নিহত পরিচ্ছন্নতাকর্মীর বাসায় যান।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘ফিটনেসবিহীন যেসব গাড়ি রাস্তায় চলাচল করে এবং যেসব চালক অদক্ষ বা লাইসেন্সবিহীন, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, যেসব গাড়ির অদক্ষ চালক রাস্তায় গাড়ি চালান, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে নগরবাসীকে সেবা দিয়ে যাচ্ছেন। তারা যাতে নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে বেপরোয়া গাড়ি চালিয়ে যানজট সৃষ্টি ও দুর্ঘটনা ঘটানো চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানান।

প্রশাসক নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের সান্ত্বনা দেন। ডিএনসিসির পক্ষ থেকে নিহতের পরিবারকে চার লাখ টাকা আর্থিক অনুদান এবং এক বছরের সমপরিমাণ বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির কোনো গাড়ি যদি অদক্ষ চালক বা হেল্পার চালিয়ে থাকে, তাহলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তবে তার জানামতে ডিএনসিসির কোনো গাড়ি হেল্পার বা অদক্ষ চালক চালান না।

এ সময় ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মো. হুমায়ুন কবিরসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।