বিশ্বাসযোগ্যতা বাড়াতে সংবাদমাধ্যমে স্ব-নিয়ন্ত্রণ কাঠামো জোরদারের তাগিদ

ভুল-ত্রুটি স্বীকার ও সংশোধন, পাঠক-দর্শকের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তি এবং সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে সংবাদমাধ্যমের নিজস্ব জবাবদিহির কাঠামো আরও শক্তিশালী করার তাগিদ দিয়েছেন গণমাধ্যম সংশ্লিষ্ট অংশীজনরা। তারা বলেন, কার্যকর স্ব-নিয়ন্ত্রণ ব্যবস্থা সংবাদমাধ্যমের পেশাগত মান, সম্পাদকীয় স্বাধীনতা ও জনআস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) বরিশালে সংবাদমাধ্যমের পেশাগত ও নৈতিক মানোন্নয়ন এবং স্ব-নিয়ন্ত্রণের সম্ভাব্য কাঠামো নিয়ে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন অংশগ্রহণকারীরা। মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) আয়োজিত সভাটি হাইকমিশন অব কানাডা ইন বাংলাদেশ-এর অর্থায়নে কানাডা ফান্ড ফর লোকাল ইনিশিয়েটিভস (সিএফএলআই)-এর আওতায় বাস্তবায়িত কার্যক্রমের অংশ।

সভায় সংবাদমাধ্যমের মালিক ও প্রকাশক, সম্পাদক, সংবাদ সিদ্ধান্তগ্রহীতা, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সংবাদমাধ্যমের জবাবদিহি, সম্পাদকীয় নীতিমালা, অভিযোগ নিষ্পত্তি, সাংবাদিকদের পেশাগত আচরণ এবং জনআস্থা নিয়ে আলোচনা হয়।

এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য নিজস্ব জবাবদিহির ব্যবস্থা শক্তিশালী করা জরুরি। জনগণের আস্থা ধরে রাখতে সংবাদমাধ্যমকে নিজেদের কাজের জন্য নিজেদের কাছে এবং পাঠক-দর্শকের কাছেও জবাবদিহির ব্যবস্থা গড়ে তুলতে হবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক সদস্য ও যমুনা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ বলেন, স্ব-নিয়ন্ত্রণের অর্থ হলো নিজেদের নিয়ন্ত্রণে থাকা জায়গায় কতটুকু মানসম্পন্ন কাজ করা যাচ্ছে তা নিশ্চিত করা। সংবাদকক্ষে নীতি-নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠায় সম্পাদক ও মালিকপক্ষের সদিচ্ছা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

চ্যানেল এস-এর নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক রেজোয়ানুল হক রাজা সংবাদমাধ্যমের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও অর্থনৈতিক নিরাপত্তাকে স্ব-নিয়ন্ত্রণের প্রধান শর্ত হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব আচরণবিধি প্রণয়ন করে তা বাস্তবায়ন করা প্রয়োজন।

সভায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুর রহমান মিরণ, বাংলাদেশ বাণীর সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীনসহ বরিশাল বিভাগের বিভিন্ন সংবাদমাধ্যম, সাংবাদিক সংগঠন, বিশ্ববিদ্যালয় ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।