বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৬’ অনুষ্ঠানে অংশগ্রহণে বাংলাদেশের শিশু-কিশোরদের আহ্বান করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ টেলিভিশন এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। আগামী ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিনয় বিভাগে অভিনয়, আবৃত্তি এবং গল্পবলায় আবেদন করা যাবে। এছাড়া উপস্থিত বক্তৃতা, নৃত্যবিভাগে নৃত্য (সাধারণ/মিশ্র), লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, (সর্বোচ্চ ০৫ জন সদস্য), সংগীত বিভাগে ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান, আধুনিক গান (শুধু ‘খ’ শাখার জন্য) নজরুল সংগীত, নজরুল সংগীত (দলীয়), রবীন্দ্র সংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত বিষয়ে আবেদন নেওয়া হবে। একইসঙ্গে হামদ-নাত ও ক্বিরাত বিষয়েও আবেদন নেওয়া হবে।
বাংলাদেশ টেলিভিশন জানায়, আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
বয়সসীমা প্রসঙ্গে বলা হয়েছে, ‘ক’ শাখা: আবেদনের সর্বশেষ তারিখে প্রতিযোগীর বয়স ৬ বছর থেকে ১১ বছর- এই সীমার মধ্যে হতে হবে (ছেলে ও মেয়ে উভয়)
‘খ’ শাখা: আবেদনের সর্বশেষ তারিখে প্রতিযোগীর বয়স ১১ বছর থেকে ১৫ বছর- এই সীমার মধ্যে হতে হবে (ছেলে ও মেয়ে উভয়)
ক্বিরাত প্রতিযোগিতা: একটিমাত্র শাখায় অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর।
একজন প্রতিযোগী অনলাইন অথবা অফলাইন যেকোনও একটি পদ্ধতিতে সর্বোচ্চ ৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।
আবেদনপত্র পূরণ ও ভেন্যুসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য www.btv.gov.bd এবং www.notunkuri.gov.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।