উদীচী ঢাকা মহানগরের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি ইকবালুল, সম্পাদক রুমি

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

কাউন্সিলের মাধ্যমে ইকবালুল হক খানকে সভাপতি ও রুমি দে-কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট গঠিত হয়। এই কমিটি আগামী দুই বছর ঢাকা মহানগর সংসদের দায়িত্ব পালন করবেন। 

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে  রাজধানীর  শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা চত্বরে জাতীয় সংগীতের মধ্য এই সম্মেলনের উদ্বোধন করেন বাউল শিল্পী আবুল সরকার মহারাজ। এবারের প্রতিপাদ্য ‘ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান’।

উদ্বোধনী পর্বের পর উদীচী ঢাকা মহানগর সংসদের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সেগুনবাগিচা ও পুরানা পল্টন এলাকা প্রদক্ষিণ করে। পরে জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশে সাম্প্রদায়িকতার উত্থান এবং বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

উদীচী ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক ইকবালুল হক খানের সভাপতিত্বে ও আরিফ নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী আব্দুল ওয়াদুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টর (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, গণসংগীত শিল্পী আমিরুন নুজহাত মনীষা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল।

দ্বিতীয় সেশনে বিকাল ৩টা থেকে সম্মেলনের দ্বিতীয় সেশনে মহানগর সংসদের কাউন্সিল অধিবেশন শুরু হয়।