নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন, মালিকপক্ষের ৩ প্রতিনিধির নাম চেয়েছে সরকার

শ্রমিক-কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য মালিকপক্ষের তিনজন প্রতিনিধির নাম প্রস্তাব আকারে চেয়েছে শ্রম অধিদফতর। প্রস্তাবিত প্রত্যেক প্রতিনিধির জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি জমা দিতে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনকে জরুরি ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রম অধিদফতরের সালিশি শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের ১৩৮ ধারার উপধারা (২) ও (৪) অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বোর্ডে একজন নিরপেক্ষ সদস্য, মালিকদের প্রতিনিধিত্বকারী একজন সদস্য এবং শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একজন সদস্য নিয়োগের জন্য সরকারকে প্রস্তাব দিতে হবে।

এ জন্য প্রত্যেক পদের বিপরীতে তিনজন করে সম্ভাব্য সদস্যের নাম প্রস্তাব করতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

শ্রম অধিদফতরের চিঠিতে আরও বলা হয়, শ্রমিকদের মজুরির বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এ বিবেচনায় নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে মালিকপক্ষের তিনজন প্রতিনিধির নামসহ প্রত্যেকের তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও জীবনবৃত্তান্ত জরুরি ভিত্তিতে পাঠাতে হবে। জীবনবৃত্তান্তে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিষ্ঠান বা সংগঠনের নাম এবং পদবি স্পষ্টভাবে উল্লেখ করতে বলা হয়েছে।

শ্রম অধিদফতরের পরিচালক শামীমা সুলতানা বারীর সই করা  চিঠিটি ১৫ অক্টোবর জারি করা হয়। এতে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোর্ড পুনর্গঠনের মাধ্যমে শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণ-সংক্রান্ত কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলো।