প্রশ্নপত্র ফাঁসের কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত হওয়ার পর এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নতুন করে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নিজেই সচিবালয়ে রাত কাটাচ্ছেন তিনি। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়া তদারকি করবেন প্রতিমন্ত্রী। প্রয়োজনে নিজের দফতরেই ঘুমাবেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) অনুষ্ঠেয় যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা সামনে রেখে এ উদ্যোগ নিয়েছেন আমিনুল হক। বৃহস্পতিবার মধ্যরাতেও সচিবালয়ে প্রশ্নপত্র তৈরির কাজ চলছে। প্রতিমন্ত্রীর সঙ্গে সেখানে অবস্থান করছেন মন্ত্রণালয় ও অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা হওয়ার কথা। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী। গত শনিবার প্রশ্নপত্র ফাঁসের কারণে পরীক্ষা স্থগিত হওয়ার পর নতুন তারিখ নির্ধারণ করা হয়। সেদিন পরীক্ষা দিতে এসে হাজারো পরীক্ষার্থী ফিরে যান।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বাংলা ট্রিবিউনকে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আজ আমি আর কোনও ঝুঁকি নিতে চাইছি না। সবকিছু শেষ করে এরপর বাসায় যাবো। আমি আজ সারারাত সচিবালয়ে থাকবো। আমার সঙ্গে অন্য কর্মকর্তারা রয়েছেন। সবাই মিলে প্রশ্নপত্র তৈরির পর তা যেন ঠিকঠাকভাবে কেন্দ্রে যায়, তা দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি যদি সবার সঙ্গে থেকে কাজটা তদারক করতে পারি, তাহলে সহকর্মীরা সাহস পাবে। আশা করছি, আমরা সফল হতে পারবো। এই যাত্রায় আর সমস্যা হবে না। আমরা যে করেই হোক চ্যালেঞ্জটা নিচ্ছি।’