মিরপুরে পুলিশের সঙ্গে আজও পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। রবিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে পোশাকশ্রমিকরা রাস্তায় অবস্থান নিলে পুলিশ তাদের ধাওয়া দেয়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলমান রয়েছে। 

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল আমরা তাদের সরিয়ে দিয়েছি।’ 

এরা আগে রবিবার নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শুরু হওয়া এ আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় শ্রমিকরা।

সোমবার সকালে আবারও পোশাক শ্রমিকরা মিরপুর-১০ এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পোশাকশ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল ছুঁড়ে।

পরবর্তী সময়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতেই দিচ্ছে না। সন্দেহ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করছে।