থেমে থেমে রাস্তায় নামার চেষ্টায় শ্রমিকরা, কঠোর অবস্থানে পুলিশ

রাজধানীর মিরপুরে অবরোধের চেষ্টা করছে পোশাকশ্রমিকরা। মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে ধাওয়া খেয়ে তারা মিরপুর-২ নম্বর এলাকার দিকে সরে যায়। এই এলাকাতে কয়েকবার তারা রাস্তায় নেমে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সেখানেও ধাওয়া দেয়। পুরো মিরপুর জুড়েই কঠোর অবস্থানে পুলিশের অবস্থান দেখা যাচ্ছে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, পোশাকশ্রমিকরা মিরপুর-২ এলাকায় বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়ে আছে। মাঝ মধ্যেই তারা অবস্থান নেওয়ার চেষ্টা করছে। পুলিশ তাদের দেখামাত্রই ধাওয়া দিচ্ছে। বেলা ১১টার দিকে তারা সংগঠিত হয়ে রাস্তায় নামলে পুলিশ কয়েক রাউন্ড টিয়াল শেল নিক্ষেপ করে। পরে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তারা একটি বাস ভাঙচুরের চেষ্টা চালায়। 

এদিকে লাঠিসোঠা হাতে সরকারদলীয় কর্মীদের দেখা যাচ্ছে। পুলিশের সামনেই মিরপুর-১০ থেকে ২ নম্বরের রাস্তায় তারা শোডাউন দিচ্ছে।

তারা বলছেন, তারা সাধারণ মানুষদের কিছু বলছেন না। আন্দোলনের নামে যারা ভাঙচুর করবে, আগুন দেবে তাদের প্রতিহত করতে মাঠে নেমেছেন।

এমন অবস্থায় এই এলাকায় এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুরো এলাকা জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।  

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে তারা মিরপুর-১০ নম্বরে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

দেখা গেছে, এই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতেই দিচ্ছে না। সন্দেহ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করছে। কয়েকজনকে আটকও করা হয়েছে।  

এর আগে রবিবার ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে শুরু হওয়া এ আন্দোলনে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। 

মিরপুর থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল আমরা তাদের সরিয়ে দিয়েছি।’