অন্যরকম বাজার, যেখানে ফেলনা প্লাস্টিকে মেলে নিত্যপণ্য

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন সাধারণ মানুষের সংসারে বাড়তি চাপ তৈরি করছে, তখন রাজধানীর মিরপুরের পল্লবী ডিগ্রি কলেজ মাঠে বসেছে অন্যরকম এক বাজার। এখানে চাল, ডাল, তেল, ডিম কিংবা লবণ কিনতে পকেট থেকে টাকা বের করতে হচ্ছে না। দাম মেটাতে হচ্ছে ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে। ঘরের কোণে জমিয়ে রাখা তেলের বোতল, চিপসের প্যাকেট কিংবা রাস্তা থেকে কুড়িয়ে আনা প্লাস্টিকের সামগ্রী নিয়ে এলেই মিলছে প্রয়োজনীয় পণ্য।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কলেজ মাঠে চলে এই কেনাবেচা। বিদ্যানন্দ ফাউন্ডেশন ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে অস্থায়ীভাবে বসানো হয়েছে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’। এখানে প্লাস্টিকের ওজন অনুযায়ী নির্ধারিত হচ্ছে পণ্যের দাম। কেউ এক কেজি প্লাস্টিক দিয়ে নিচ্ছেন চাল, কেউবা ডাল, ডিম কিংবা তেল। এতে একদিকে জমা হচ্ছে ফেলে দেওয়া প্লাস্টিক, অন্যদিকে স্বল্প আয়ের মানুষের সংসারে যোগ হচ্ছে প্রয়োজনীয় কিছু পণ্য।

কলেজ মাঠে গিয়ে দেখা যায়, এক পাশে জমা হচ্ছে নানা ধরনের প্লাস্টিক। অন্য পাশে সাজানো চাল, ডাল, আটা, তেল, ডিম, লবণসহ বিভিন্ন পণ্য। প্লাস্টিক জমা দিয়ে তার বিনিময়ে পাওয়া ডেমো টাকা দিয়ে সেখান থেকে পছন্দের পণ্য কিনছেন অংশগ্রহণকারীরা।

মিলছে পছন্দের নিত্যপণ্য। ছবি: বাংলা ট্রিবিউন

আয়োজকদের টানানো তালিকা অনুযায়ী, এক কেজি চালের জন্য জমা দিতে হচ্ছে এক কেজি প্লাস্টিক। দুই কেজি আটার জন্য চার কেজি, এক কেজি ছোলার জন্য দুই কেজি, এক কেজি মসুর ডালের জন্য তিন কেজি, এক কেজি চিনির জন্য তিন কেজি এবং এক কেজি লবণের জন্য এক কেজি প্লাস্টিক দিতে হচ্ছে। ছয়টি ডিমের জন্য লাগছে এক কেজি প্লাস্টিক। এক লিটার সয়াবিন তেলের জন্য পাঁচ কেজি এবং ৫০০ গ্রাম সুজির জন্য এক কেজি প্লাস্টিক জমা দিতে হচ্ছে।

অন্যান্য পণ্যের মধ্যে একটি টি-শার্টের জন্য দুই কেজি, এক প্যাকেট বিস্কুটের জন্য দুই কেজি, দুটি নুডুলসের জন্য এক কেজি, এক প্যাকেট টোস্টের জন্য দুই কেজি এবং এক প্যাকেট চানাচুরের জন্য দুই কেজি প্লাস্টিক দিতে হচ্ছে। একটি স্কুল ব্যাগের জন্য পাঁচ কেজি, এক পিস হারপিকের জন্য পাঁচ কেজি, একটি গোসলের সাবানের জন্য দুই কেজি এবং একটি কাপড় কাচার সাবানের জন্য এক কেজি প্লাস্টিক জমা দিতে হচ্ছে।

প্লাস্টিক জমিয়ে সংসারের বাজার

৪ কেজি ২০০ গ্রাম প্লাস্টিক নিয়ে পল্লবী ডিগ্রি কলেজ মাঠে এসেছেন নূরী বেগম। জমা দেওয়া প্লাস্টিকের বিনিময়ে নিয়েছেন এক কেজি ডাল ও ডিম। প্লাস্টিকের ওজন অনুযায়ী প্রয়োজনীয় পণ্য বেছে নিয়েছেন তিনি। তার কাছে এটি শুধু প্লাস্টিক বিনিময়ের আয়োজন নয়, সংসারের খরচ সামলানোরও একটি সুযোগ।

প্লাস্টিকগুলো কোথা থেকে সংগ্রহ করেন জানতে চাইলে নূরী বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, রাস্তা থেকে কুড়িয়ে আনেন। বাসায় ব্যবহৃত তেলের গ্যালন, চিপসের প্যাকেটসহ বিভিন্ন প্লাস্টিকের জিনিসও জমিয়ে রাখেন।

নূরী বেগমের সংসারে সদস্য সাতজন। স্বামী নেই। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। এক মেয়ে সংসার করছেন, অন্য মেয়ের স্বামী ঋণ করে চলে গেছেন। ছোট মেয়ে কাজ করেন, স্বামীকে নিয়ে সংসার চালান। নূরী বেগম নিজেও বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। তাঁর ছেলে অটোরিকশা চালান। তবে প্রতিদিন ছেলের আয় হয় না।

সংসারের খরচের হিসাবও কম নয়। একটি বাসার ভাড়া ৫ হাজার টাকা, অন্যটির চার হাজার টাকা। এর সঙ্গে বিদ্যুৎ বিল কোনও মাসে দুই হাজার, আবার কোনও মাসে তিন হাজার টাকা আসে। সব মিলিয়ে সংসার চালাতে তাকে নিয়মিত কাজ করতে হয়।

একদিকে জমা হচ্ছে ফেলে দেওয়া প্লাস্টিক, অন্যদিকে স্বল্প আয়ের মানুষের সংসারে যোগ হচ্ছে প্রয়োজনীয় কিছু পণ্য

নূরী বেগমের ভাষায়, ‘গরিব মানুষ আমরা, যে পরিস্থিতি দাঁড়িয়েছে, ঘরভাড়া জোগাড় করাটাই কঠিন। প্লাস্টিকের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার এই উদ্যোগ আমাদের কাজে আসে।’

তিনি বলেন, ‘এটায় আমাদের উপকার হয়, অবশ্যই উপকার হয়। আমি কাজ থেকে আসলাম। তারপর একজন আমাকে বলল যে কলেজ মাঠে সদাই দিচ্ছে, এইজন্য তো দৌড়ে আইলাম নিতে।’

প্রতি মাসেই এই কার্যক্রমে আসেন নূরী বেগম। বাসায় প্লাস্টিক জমা থাকলে তা নিয়ে এসে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করেন। দুয়ারিপাড়ার এই বাসিন্দার কাছে ফেলে দেওয়া প্লাস্টিক এখন সংসারের প্রয়োজন মেটানোর ছোট্ট একটি অবলম্বন।

শুধু নূরী বেগম নন, এলাকার সুবিধাবঞ্চিত আরও অনেকে এসেছেন এখানে। তাঁদের একজন জোহেরা বেগম। প্লাস্টিক জমা দিয়ে তিনি নিয়েছেন লবণ ও ডিম। তাঁর দেওয়া প্লাস্টিকের পরিমাণ ছিল এক কেজির কিছু বেশি। এর আগেও একদিন এই কার্যক্রম থেকে প্লাস্টিকের বিনিময়ে পণ্য নিয়েছেন তিনি।

জোহেরা বেগম জানান, তিনি পিঠার দোকান পরিচালনা করেন। বাসায় বিভিন্ন পণ্য ব্যবহারের পর যে প্লাস্টিক বর্জ্য তৈরি হয়, সেগুলো জমিয়ে রাখেন। পরে তা নিয়ে আসেন প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরে।

প্লাস্টিকের বিনিময়ে পণ্য দেওয়ার এই উদ্যোগকে ভালো মনে করেন তিনি। তাঁর মতে, এভাবে প্লাস্টিক এক জায়গায় জমা হয়। পরে সেগুলো বিক্রি করা হয়। এতে আশপাশের পরিবেশও পরিষ্কার থাকে, ময়লা-আবর্জনা কমে।

১৪ কেজি ৫০০ গ্রাম প্লাস্টিক নিয়ে পণ্য নিতে এসেছেন সোহাগ মোল্লা। তবে এই প্লাস্টিক তিনি একা সংগ্রহ করেননি। তাঁর এক আত্মীয়ের কাছে পুরোনো রাউটারসহ বিভিন্ন যন্ত্রাংশ খোলার পর জমা হওয়া প্লাস্টিক ছিল। রাউটার খুলে মাদারবোর্ড ও অন্যান্য অংশ আলাদা করার পর যেসব প্লাস্টিক জমা হয়, সেগুলোই নিয়ে এসেছেন সোহাগ। এই প্লাস্টিকের বিনিময়ে নিয়েছেন দুই লিটার সয়াবিন তেল, এক কেজি ডাল এবং দুই কেজি লবণ।

প্লাস্টিকের বিনিময়ে পণ্য কেন

বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তা তাহমিনা অনু বাংলা ট্রিবিউনকে বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বিদ্যানন্দের যৌথ উদ্যোগে গত চার থেকে পাঁচ বছর ধরে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মূল উদ্দেশ্য প্লাস্টিক দূষণ রোধ করে সুন্দর একটি পৃথিবী গড়ে তোলা। প্লাস্টিক দূষণ বর্তমানে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে বন্যা ও জলাবদ্ধতা দেখা দিলেও অনেক ক্ষেত্রে প্লাস্টিকের কারণে পানি জমে থাকে। প্লাস্টিক জমে থাকা পানিতে মশার প্রজনন হয়, ফলে ডেঙ্গুসহ বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে।

২ কেজি প্লাস্টিকে মিলছে ১ কেজি ছোলা, আর ৩ কেজি প্লাস্টিকে মিলছে ১ কেজি চিনি

তিনি জানান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে যৌথভাবে এই প্রকল্প প্রায় পাঁচ বছর ধরে চলছে। চট্টগ্রাম সমুদ্রসৈকতে প্লাস্টিক দিয়ে তৈরি সবচেয়ে বড় দানবের ভাস্কর্যটিও বিদ্যানন্দ তৈরি করেছিল। পর্যটন এলাকায় এটি স্থাপনের উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো, কীভাবে প্লাস্টিক দিনে দিনে দানবে রূপ নিচ্ছে এবং মানুষের জন্য হুমকি হয়ে উঠছে।

তাহমিনা অনু বলেন, পল্লবী ডিগ্রি কলেজে শনিবারের কার্যক্রমটি আয়োজন করা হয়েছে। পাঁচ বছর ধরে নিয়মিত প্রতি সপ্তাহে কোথাও না কোথাও এই আয়োজন করা হয়। শুধু ঢাকা নয়, বাংলাদেশের বিভিন্ন জেলায়—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও কুড়িগ্রামেও তাদের কার্যক্রম চলছে।

এই স্টোরে পণ্য কেনাবেচায় প্রচলিত টাকার কোনও লেনদেন নেই জানিয়ে তিনি বলেন, যারা পণ্য কিনতে আসছেন, তারা প্লাস্টিক নিয়ে আসছেন। কেউ যত কেজি প্লাস্টিক জমা দেবেন, তাঁকে সেই পরিমাণের সমমূল্যের ডেমো টাকা দেওয়া হচ্ছে। অর্থাৎ, কেউ এক কেজি প্লাস্টিক দিলে এক টাকা, ১৪ কেজি দিলে ১৪ টাকা ডেমো টাকা পাচ্ছেন। এই টাকা দিয়েই তাঁরা প্রয়োজনীয় পণ্য কিনে নিচ্ছেন।

তাহমিনা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে সবাই জানেন। এখানে দেওয়া পণ্যগুলোর বাজারমূল্যও জমা দেওয়া প্লাস্টিকের সমমূল্যের নয়। প্লাস্টিকের দাম কেজিপ্রতি ২০ টাকা হিসাব করলে এক কেজির মূল্য হয় ২০ টাকা। অথচ বাজারে একটি ডিম কিনতেই ১৩ থেকে ১৫ টাকা লাগে। সেই হিসাবে এখানে এক কেজি প্লাস্টিক দিয়ে ছয়টি ডিম পাওয়া যাচ্ছে। ফলে অংশগ্রহণকারীরা আর্থিকভাবেও লাভবান হচ্ছেন।

প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে বিশেষ করে বস্তি ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোকে কার্যক্রমের জন্য বেছে নেওয়া হয় বলে জানান তিনি। এসব এলাকায় সুবিধাবঞ্চিত মানুষের বসবাস বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তাঁদের অনেকের পক্ষেই প্রয়োজনীয় পণ্য কেনা কঠিন হয়ে পড়েছে। তাঁদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করার পাশাপাশি যত্রতত্র প্লাস্টিক না ফেলে সেটিকে সম্পদে রূপান্তরিত করতে উৎসাহিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য। এখন যাঁদের ঘরে প্লাস্টিক জমা আছে, তাঁরা সেটিকে বর্জ্য হিসেবে না দেখে সম্পদ হিসেবে ভাবতে পারছেন। কারণ, প্লাস্টিকেরও আর্থিক মূল্য রয়েছে।

কত দিন পরপর এ কার্যক্রম পরিচালনা করা হয় জানতে চাইলে তাহমিনা অনু বলেন, মাসে একবার ঢাকার বিভিন্ন স্কুলের মাঠে বা অন্য জায়গায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। করাইল বস্তিসহ বিভিন্ন এলাকায়ও এটি আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে প্লাস্টিক নিয়ে কাজ করার পাশাপাশি সিটি করপোরেশনের সঙ্গেও কাজ করেছে বিদ্যানন্দ। সিটি করপোরেশনের সঙ্গে ১০০টি ইভেন্ট আয়োজনের কথা রয়েছে। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে তিন থেকে চারটি ইভেন্ট সম্পন্ন হয়েছে। কয়েক মাস আগে জাতীয় সংসদ ভবনের বাইরে প্লাস্টিক দিয়ে তৈরি একটি দোকানের মতো স্থাপনাও করা হয়েছিল। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারা সেখানে গিয়েছিলেন। এরপর থেকেই সিটি করপোরেশনের সঙ্গে এ বিষয়ে কাজ চলছে।

ফেলনা প্লাস্টিকের স্তূপ

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম চলে বলে জানান তাহমিনা। তিনি বলেন, আশপাশের গার্মেন্টসে যাঁরা কাজ করেন কিংবা অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করেন, তাঁরা দুপুরের দিকে বাড়ি ফেরেন। তখন তাঁদের এখানে আসার সুযোগ হয়। এ ছাড়া আগে থেকেই মাইকিং করে কার্যক্রমের কথা জানিয়ে দেওয়া হয়।

সংগ্রহ করা প্লাস্টিক যায় কোথায়

প্লাস্টিকের বিনিময়ে পণ্য দেওয়ার কার্যক্রমে কেমন সাড়া পাওয়া যায় জানতে চাইলে তাহমিনা অনু বলেন, বিভিন্ন জায়গায় তাঁরা টনে টনে প্লাস্টিক সংগ্রহ করেছেন। কোনও এলাকায় ৪০০ কেজি, ৫০০ কেজি, ২১০০ কেজি, ৩১০০ কেজি কিংবা তারও বেশি প্লাস্টিক সংগ্রহ করা হয়েছে। বিগত কয়েক বছরে প্লাস্টিক রিসাইক্লিংয়ের মাধ্যমে প্রায় এক কোটি টাকা আয় হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে চার হাজার মানুষের ঘরে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন, পরিবেশ রক্ষাই তাঁদের মূল উদ্দেশ্য। সমুদ্রসৈকতে কার্যক্রম শুরুর সময়ও উদ্দেশ্য ছিল পর্যটন এলাকাগুলোতে প্লাস্টিকের ব্যবহার ও দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করা।

কলেজ মাঠে প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি তা কিনতেও দেখা যায়। প্লাস্টিক কিনতে আসা সাইমন হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার তখন পর্যন্ত প্রায় ৫০০ থেকে ৭০০ কেজি প্লাস্টিক জমা হয়েছে। এই আয়োজন হলে তাঁরা নিয়মিত এখান থেকে প্লাস্টিক নিয়ে যান।

বিভিন্ন প্লাস্টিকের দাম আলাদা জানিয়ে সাইমন বলেন, বোতলের দাম এক রকম, অন্য প্লাস্টিকের দাম আরেক রকম। কালো প্লাস্টিকের দামও আলাদা। প্লাস্টিকগুলো নিয়ে তাঁরা ভাঙারির দোকানে বাছাই করেন। এরপর সেগুলো পুনর্ব্যবহারের জন্য পাঠানো হয়। প্রায় দুই বছর ধরে তারা এখান থেকে প্লাস্টিক নিচ্ছেন।