ভাষা সংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লা শহরের ঝাউতলা এলাকার বাড়ি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন ৩৪ বিশিষ্ট নাগরিক। শনিবার (১৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, একটি বিশেষ মহল বাড়িটিতে ‘স্মৃতি জাদুঘর’ লেখা সাইনবোর্ড লাগিয়ে জবরদখলের চেষ্টা করছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা।
বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালে তৎকালীন পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব প্রথম উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৫ মার্চের হত্যাযজ্ঞের পর পাকিস্তানি সেনারা তাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা করে। একই সঙ্গে হত্যা করা হয় তার কনিষ্ঠ পুত্রকেও।
বিবৃতিতে নাগরিকরা অবিলম্বে বাড়িটি থেকে জবরদখলকারীদের লাগানো সাইনবোর্ড সরিয়ে তা পরিবারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সঙ্গে ধীরেন্দ্রনাথ দত্তের নামে একটি জাতীয় প্রতিষ্ঠানের নামকরণ এবং জাতীয় সংসদের কাছাকাছি একটি সড়কের নামকরণের দাবিও জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনু মুহাম্মদ, অ্যাডভোকেট সুলতানা কামাল, খুশী কবির, ড. ইফতেখারুজ্জামান, আবু সাঈদ খান, জেড আই খান পান্না, রাশেদা কে চৌধুরী, শাহীন আনাম, ড. শহিদুল আলম ও শামসুল হুদাসহ ৩৪ জন নাগরিক।