প্রাথমিকের ১৫৫৪ পদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূন্য থাকা ১ হাজার ৫৫৪টি পদে নিয়োগের দাবি জানিয়েছেন চাকরিপ্রত্যাশীরা। অপেক্ষমাণ তালিকা তৈরি করে এসব পদে নিয়োগ না দিলে কাফনের কাপড় পরে আমরণ অনশনসহ কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি থেকে এ হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে দেশের ৬৪ জেলা থেকে আসা প্রার্থীরা অংশ নেন।

আন্দোলনকারীরা জানান, ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের যোগদান শেষে ১ হাজার ৫৫৪টি পদ শূন্য রয়েছে। নিয়োগসংক্রান্ত পরিপত্র অনুযায়ী, আড়াই হাজারের বেশি প্রার্থীর অপেক্ষমাণ তালিকা তৈরি করে সেখান থেকে এসব পদ পূরণের সুযোগ রয়েছে।

তাদের দাবি, ২০২৩ সালে প্রাথমিক শিক্ষা অধিদফতর দুই দফায় অপেক্ষমাণ তালিকা প্রকাশ করে। কিন্তু এবার কেন তা করা হচ্ছে না, সে বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে কোনও সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া যাচ্ছে না।

দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।