ফিরে আসেন নারী কর্মী, দেশে এসে আরেক যুদ্ধ

বিদেশে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে নির্যাতন, বেতন বঞ্চনা ও নানা ধরনের শোষণের শিকার হয়ে দেশে ফিরছেন অনেক নারী। কিন্তু দেশে ফিরে তাদের জন্য অপেক্ষা করছে নতুন সংকট। বিচার না পাওয়া, বেকারত্ব, আর্থিক অনিশ্চয়তা এবং পরিবার ও সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখে পড়ছেন তারা। 

গবেষণায় দেখা গেছে, ফেরত নারী কর্মীদের বড় একটি অংশ বেতন পাননি, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এবং দেশে ফিরে সামাজিক ও দাম্পত্য সংকটে পড়েছেন। অভিযোগ নিষ্পত্তির সরকারি সালিশ ব্যবস্থায়ও মিলছে না প্রত্যাশিত ক্ষতিপূরণ বা ন্যায়বিচার।

কিশোরগঞ্জের এক গ্রামের ফাতেমার (ছদ্মনাম) বয়স ২৭ বছর। দুই বছর আগে এক দালাল তাকে বলেছিলেন, সৌদি আরবে বাসার কাজ করলে মাসে ৩০ হাজার টাকা বেতন পাওয়া যাবে। থাকা-খাওয়ার খরচ বহন করবেন মালিক। ফাতেমার স্বামী রিকশা চালান। সংসারে অভাব। দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিদেশে যেতে রাজি হন তিনি। দালালকে দিতে হয় ৮০ হাজার টাকা। জমি বন্ধক রেখে সেই টাকা জোগাড় করে পরিবার। অথচ বাংলাদেশ থেকে নারী অভিবাসনের ক্ষেত্রে ব্যয় শূন্য হওয়ার কথা।

ফাতেমা ভেবেছিলেন, দুই বছর কাজ করলেই মেয়েকে স্কুলে দিতে পারবেন, ঘরের টিনের চাল পাকা করতে পারবেন। বিদেশে যাওয়ার আগে তাকে বলা হয়েছিল, বাচ্চা দেখাশোনা ও রান্নার কাজ করতে হবে। কিন্তু সৌদি আরবে পৌঁছে বুঝতে পারেন, চুক্তির সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।

যে বাড়িটা জেলখানা হয়ে গেলো

ফাতেমার কাজ শুরু হতো ভোর ৫টায়, শেষ হতো রাত ১২টায়। পাঁচতলা বাড়িতে ৯ জনের সংসার। রান্না, কাপড় ধোয়া, ঘর মোছা, বাচ্চা সামলানো—সব কাজ একাই করতে হতো তাকে। মালিকদের খাওয়ার পর খাবার জুটত, কখনও বেঁচে যাওয়া খাবারও মিলতো না। মোবাইল ফোন প্রথম দিনই কেড়ে নেওয়া হয়। পরিবারের সঙ্গে কথা বলার অনুমতি ছিল না। পাসপোর্ট আটকে রাখা হয়েছিল মালিকের ড্রয়ারে।

ফাতেমা বলেন, ‘মনে হতো আমি কাজের লোক না, আমি বন্দি। দরজা বন্ধ থাকতো। বাইরে যাওয়ার অনুমতি ছিল না।’

একদিন ভুল করে একটি প্লেট ভেঙে ফেলায় মালিকের স্ত্রী গরম খুন্তি দিয়ে তার হাতে ছ্যাঁকা দেন বলে অভিযোগ করেন ফাতেমা। সেই দাগ এখনও তার হাতে রয়েছে।

বেতন ছাড়াই আট মাস

আট মাস কাজ করেও ফাতেমা কোনও বেতন পাননি। বেতন চাইলে বলা হতো, “তোমার দালালের টাকা শোধ হয়নি।” মানসিক নির্যাতনও বাড়তে থাকে। গালাগালি, হুমকি ও ঘুমাতে না দেওয়ার ঘটনা ছিল প্রতিদিনের। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্বর, মাথাব্যথা ও শরীরব্যথা হলেও তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। উল্টো বলা হয়, “অসুস্থ হলে দেশে পাঠিয়ে দেবো, এক টাকাও পাবে না।”

শেষ পর্যন্ত এক রাতে বাথরুমে লুকিয়ে বাড়ির এক পুরনো কাজের মেয়ের ফোন থেকে নিজের ভাইকে ফোন করেন ফাতেমা। সেই ফোনই তাকে বাঁচিয়ে দেয়।

দেশে ফেরা, নতুন যুদ্ধ শুরু

গত মার্চে দেশে ফিরলেও ফাতেমার হাতে কোনও টাকা ছিল না। শরীরে ছিল নির্যাতনের ক্ষত। বিমানবন্দরে নেমে তিনি কাঁদছিলেন। গ্রামে ফিরে শুনতে পান, দালাল বলছে, তিনি কাজ না করে পালিয়ে এসেছেন। পাড়ার লোকজনও কানাঘুষা শুরু করেন, ‘সৌদি থেকে ফিরেছে, নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে।’

ফাতেমা বিচার চাইতে জেলা জনশক্তি অফিসে যান। সেখানে অভিযোগ করেন। দালালকে ডেকে সালিশও বসানো হয়। কিন্তু দালাল বলেন, তিনি কিছু জানেন না, এজেন্সিও দায়ী নয়। এজেন্সির পক্ষ থেকেও বলা হয়, মালিকের সঙ্গে তাদের কোনও যোগাযোগ নেই। সেই সালিশের পর ৮ মাস পেরিয়ে গেলেও ফাতেমা এখনও বিচারের আশায় ঘুরছেন।

ফাতেমা বলেন, ‘আমার কাছে তো কোনো কাগজ নেই। আমার চুক্তিপত্র, পাসপোর্টের কপি, সব মালিকের কাছে। আমি কী দিয়ে প্রমাণ করবো আমাকে মারা হয়েছে?’

তিনি বলেন, দেশে ফিরে আসার পর থেকে প্রতিবেশীরা তাকে বাঁকা চোখে দেখেন। মনে করেন, বিদেশে তার সঙ্গে খারাপ কিছু ঘটেছে। তিনি যতই বোঝানোর চেষ্টা করেন, কেউ বিশ্বাস করতে চান না।

গবেষণায় উঠে এসেছে ফেরত নারীদের সংকট

ফাতেমার অভিজ্ঞতা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) যশোর, ফরিদপুর ও চট্টগ্রামের ৩২৩ জন ফেরত নারী শ্রমিকের ওপর করা গবেষণায় দেখা গেছে, তাদের ৫৫ শতাংশের দেশে ফেরা ছিল অপ্রত্যাশিত বা জোর করে ফেরত পাঠানো। অর্থাৎ, তারা নিজের ইচ্ছায় ফেরেননি। দেশে ফিরে ৬০ শতাংশ নারী বেকার হয়ে পড়েন। প্রতি তিনজনের একজন ফেরার পর আগের চেয়েও দরিদ্র হয়ে যান।

গবেষণায় আরও দেখা গেছে, ৫২ শতাংশ নারী বলেছেন, দেশে ফেরার পর তাদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। পাড়া-প্রতিবেশীর কটূক্তি, ‘সৌদি ফেরত মেয়ে’ বলে পরিচয় চাপিয়ে দেওয়া এবং চরিত্র নিয়ে প্রশ্ন তোলার মুখে পড়তে হয় তাদের। পরিবারের ভেতরেও তাদের মতামতের গুরুত্ব কমে যায়। একসময় যে নারী সংসারের জন্য টাকা পাঠাতেন, দেশে ফিরে তিনিই পরিবারের বোঝা হয়ে যান।

এর প্রভাব পড়ছে দাম্পত্য জীবনেও। গবেষণায় দেখা গেছে, ২৫ দশমিক ২ শতাংশ ফেরত নারী দাম্পত্য সংকটে পড়েছেন, ১৪ দশমিক ৭ শতাংশের বিবাহবিচ্ছেদ হয়েছে এবং ১০ দশমিক ৫ শতাংশকে স্বামী ছেড়ে চলে গেছেন। অর্থাৎ, বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরার পর অনেক নারী সংসার, সম্মান ও নিরাপত্তা; তিন ক্ষেত্রেই সংকটে পড়ছেন।

অভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচির (ওকাপ) গবেষণায়ও একই ধরনের চিত্র উঠে এসেছে। দেশে ফিরে আসা ১১০ জন নারীর মধ্যে ৮৬ শতাংশ পুরো বেতন পাননি এবং ৬১ শতাংশ শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু দেশে ফিরে তারা বিচার পাননি। এর কারণ হিসেবে উঠে এসেছে দালালের হুমকি, মামলা চালানোর অর্থের অভাব ও আইনি সহায়তা না পাওয়ার বিষয়গুলো।

সংশ্লিষ্টরা বলছেন, সমস্যাটি শুধু সামাজিক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্র—তিন জায়গাতেই বাধার মুখে পড়েন ফেরত নারী কর্মীরা। পরিবার তাদের মেনে নিতে চায় না, সমাজ তাদের কলঙ্কিত করে। অন্যদিকে, রাষ্ট্রের পক্ষ থেকেও পুনর্বাসন, চাকরি, স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করা যাচ্ছে না।

বিচার না পেয়ে ঘুরছেন ফাতেমারা

ফাতেমা এখন গ্রামে অন্যের বাড়িতে কাজ করেন। রাতে ঘুমাতে পারেন না, হঠাৎ চমকে ওঠেন। তার ছোট মেয়েটি জিজ্ঞেস করে, “মা, তুমি আবার বিদেশ যাবা?” ফাতেমা উত্তর দেন না। শুধু বলেন, “আমি চাই না আমার মতো আর কোনো মেয়ে এইভাবে ফিরে আসুক। আমি টাকা চাই না। আমি শুধু চাই, যারা আমাকে মেরেছে, যারা আমার টাকা মেরে দিয়েছে, তাদের বিচার হোক।”

কিন্তু সেই বিচার কবে হবে, তা জানেন না ফাতেমা। তার মতো আরও অনেক নারীও বিচার পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

মুন্সীগঞ্জের মাজেদার ঘটনাও এই বাস্তবতার চিত্র তুলে ধরেছে। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে দিনে ২১ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হয় তাকে। ঘরে তালাবদ্ধ করে রাখা, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না দেওয়া এবং পাসপোর্ট কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ২০২৫ সালের আগস্টে পাঁচ মাসের বেতন ছাড়াই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। ডেমো অফিসে অভিযোগ জমা দিতে তাকে পাঁচবার যেতে হয়েছে। এখন তিনি দেড় লাখ টাকা বকেয়া বেতন দাবি করছেন।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, অভিবাসী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। বর্তমানে এক কোটির বেশি বাংলাদেশি অভিবাসী হিসেবে বিদেশে অবস্থান করছেন। এর মধ্যে নারীর সংখ্যা প্রায় ১০ লাখ। বাংলাদেশের অধিকাংশ নারীই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গৃহকর্মী হিসেবে কাজ করেন।

ভাগ্য বদলের আশায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রিজিয়া বেগম ছয় বছর আগে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যান। কিন্তু সেখানে দীর্ঘ সময় কাজ করানো, কম খাবার দেওয়া এবং নির্যাতনের শিকার হতে হয় তাকে। অসুস্থ হয়ে পড়ার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর প্রায় পাঁচ বছর তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবার ভেবেছিল, তিনি মারা গেছেন। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়।

বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পুরুষ কর্মীর পাশাপাশি নারীরাও কাজের উদ্দেশ্যে যান। তবে তাদের অধিকাংশই গৃহকর্মী হিসেবে কাজ করেন। বিগত বছরগুলোতে বিদেশে নারী কর্মী যাওয়ার হার উদ্বেগজনকভাবে কমেছে। ২০১৬ সাল থেকে কয়েক বছর প্রতি বছর এক লাখের বেশি নারী কর্মী বিদেশে গেলেও সেই সংখ্যা এখন অর্ধেকে নেমে এসেছে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, অভিবাসন খাতে নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত হচ্ছে না। ফলে এ খাতের প্রতি তাদের আস্থা দিন দিন কমছে।

রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) গবেষণায় বলা হয়েছে, অভিবাসনের গন্তব্য দেশে শোভন কর্মক্ষেত্রের অনিশ্চয়তা এবং গৃহের অভ্যন্তরে নারীর প্রতি সহিংসতা নারী অভিবাসনকে ক্রমাগত নিরুৎসাহিত করছে।

সালিশ ব্যবস্থায়ও মিলছে না সুফল

বিএমইটির সালিশ ব্যবস্থায় অভিযোগ নিষ্পত্তি হলেও প্রকৃত ক্ষতিপূরণ মিলছে না। মীমাংসা মানেই ন্যায়বিচার নয় বলে গবেষণায় উঠে এসেছে। অভিবাসী কর্মী উন্নয়ন কর্মসূচি (ওকাপ) গত ২৫ নভেম্বর গবেষণার তথ্য তুলে ধরে জানায়, বিচার পাওয়ার প্রক্রিয়াগত জটিলতা উদ্বেগজনক। সব অভিযোগকারী প্রাপ্তি স্বীকারপত্র পেলেও মাত্র ৯ শতাংশ বিনা তদবিরে শুনানির নোটিশ পেয়েছেন। বাকি ৯১ শতাংশকে বারবার তদবির করতে হয়েছে। ১২ শতাংশ আবেদন অফিসের নথি থেকে হারিয়ে যাওয়ায় পুনরায় জমা দিতে হয়েছে। ৩০ কর্মদিবসের মধ্যে শুনানি হওয়ার বিধান থাকলেও ৪৪ শতাংশ মামলায় শুনানি পেতে ১২ সপ্তাহ পর্যন্ত লেগেছে।

গবেষণায় বলা হয়েছে, সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, ৮৫টি অভিযোগের একটিতেও আলাদাভাবে নথিভুক্ত তদন্ত পাওয়া যায়নি। তদন্ত ছাড়াই অভিযোগগুলো মীমাংসার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ফলে ক্ষমতার ভারসাম্যহীনতাই নির্ধারণ করে দিচ্ছে, কে কত টাকা পাবেন।

এর ফলাফলও স্পষ্ট। নিষ্পত্তি হওয়া ২৮টি মামলায় ক্ষতিপূরণ মিলেছে গড়ে অভিবাসন ব্যয়ের মাত্র ১৫ শতাংশ পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে মাত্র ১২ শতাংশ। ৫২টি মামলা এখনও ঝুলে আছে, পাঁচটি মামলা মাঝপথে বন্ধ হয়ে গেছে।

গবেষণায় বলা হয়েছে, আইনি কাঠামোতেও অস্পষ্টতা রয়েছে। ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড মাইগ্র্যান্টস অ্যাক্ট, ২০১৩-এর ৪১ ধারায় সালিশের কথা বলা হলেও বাধ্যতামূলক সিদ্ধান্ত ও কার্যকর প্রয়োগের সুস্পষ্ট ভিত্তি নেই।

গবেষণায় আরও বলা হয়, তদন্তকারী কর্মকর্তা নিজেই সালিশকারী হলে স্বার্থের সংঘাত তৈরি হয়, ক্ষুণ্ন হয় নিরপেক্ষতা। এ পরিস্থিতি থেকে উত্তরণে চারটি অগ্রাধিকার সুপারিশ করেছে ওকাপ। স্বল্প মেয়াদে বিএমইটিতে প্রশিক্ষিত জনবল নিয়ে পৃথক সালিশ উইং গঠন, বাধ্যতামূলক সিদ্ধান্ত ও কার্যকর প্রয়োগব্যবস্থা চালু এবং ক্ষতি নির্ধারণের জন্য স্ট্যান্ডার্ড লস অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স প্রণয়নের কথা বলা হয়েছে। মধ্য মেয়াদে আইনের মাধ্যমে স্বতন্ত্র ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার্স জাস্টিস ট্রাইব্যুনাল’ প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংস্থাটি।

ওকাপের বক্তব্য, ঋণ করে বিদেশে যাওয়া, অতিরিক্ত ফি দেওয়া এবং বেতন না পেয়ে দেশে ফেরা শ্রমিকদের জন্য ন্যায়বিচার শুধু দর-কষাকষির সুযোগ হতে পারে না। এটি হতে হবে অধিকার, যার শেষে থাকবে যুক্তিসংগত, আইনগতভাবে বাধ্যতামূলক ও কার্যকর সিদ্ধান্ত।

কিছু অভিবাসী শ্রমিক জানিয়েছেন, এজেন্সির দেওয়া প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাদের মামলা ঢাকার বিএমইটি অফিসে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। সরকারি কর্মকর্তাদের সাক্ষাৎকারেও এমন রেফারেলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রেফারেলের অর্থ অতিরিক্ত সময়, বাড়তি খরচ ও অনিশ্চয়তা। এ কারণে অনেক শ্রমিক শেষ পর্যন্ত অপর্যাপ্ত মনে হলেও আপস-মীমাংসা মেনে নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

এ কারণে নিজেদের দাবি নিয়ে আর সামনে এগোনোর সাহস পাননি তারা। নারী অভিবাসী শ্রমিকদের অভিজ্ঞতা আরও বেদনাদায়ক। তারা জানিয়েছেন, সালিশের সময় রিক্রুটিং এজেন্টরা প্রায়ই তাদের সঙ্গে অশালীন ভাষায় কথা বলেছেন এবং উল্টো তাদের ওপরই নির্যাতনের দায় চাপিয়েছেন। অনেক সময় সভাপতিত্বকারী কর্মকর্তার সামনেই এ ধরনের আচরণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, এমন অপমানজনক ও মর্যাদাহানিকর আচরণের পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বেশিরভাগ ক্ষেত্রে কোনও ব্যবস্থা নেননি, কখনও কখনও হস্তক্ষেপও করেননি।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া নারীদের বড় একটি অংশ গৃহকর্মী হিসেবে কাজ করেন, যাদের বেশিরভাগই সৌদি আরবে যান। 

তার মতে, সৌদি আরবে গৃহকর্মী হিসেবে যাওয়া নারীদের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো, তারা আর্থিক ও সামাজিক দিক থেকে চরম ঝুঁকিতে থাকেন। এই ঝুঁকির কারণেই অনেক সময় তারা নিজেরা বা পরিবারের সদস্যদের উদ্যোগে বিদেশে যাওয়ার সুযোগ খোঁজেন।

তিনি বলেন, বিদেশে যাওয়ার পর অনেক নারী ভালো থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক নারী নানা বিপদে পড়েছেন। অন্তত ৭০ হাজার নারী দেশে ফিরে এসেছেন, যাদের অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন।

শরিফুল হাসান বলেন, সামগ্রিকভাবে দেখা যায়, তাদের সুরক্ষা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। ফলে এ নিয়ে নানা নেতিবাচক বার্তা ছড়িয়েছে। এর প্রভাবে দেশের যেসব অঞ্চল থেকে আগে বেশি সংখ্যায় নারীরা বিদেশে যেতেন, সেসব জায়গায় এখন সেই সংখ্যা কমে গেছে। অর্থাৎ, বিদেশে যাওয়ার বিষয়ে মানুষের আগ্রহও কমেছে।

বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম বলেন, “বিদেশে আমাদের নারী কর্মীরা যে ব্যবস্থায় যান, তা পুরোপুরি ‘কাফালা’ পদ্ধতি ও কফিলের অধীনে। এটি অনেকটা বন্ডেড লেবার বা বাধ্যতামূলক শ্রমের মতো পরিস্থিতি। তাঁদের পাসপোর্ট ও সব কাগজপত্র মালিকের ঘরে আটকে রাখা হয়; কোনো সাপ্তাহিক ছুটি বা অবাধ চলাফেরার সুযোগ থাকে না। এমনকি ঘরের ভেতরে কোনো অন্যায় হলে তা দেখার এখতিয়ার দূতাবাসেরও থাকে না। বেশির ভাগ নারী কর্মীই যৌন হয়রানির পাশাপাশি ভয়াবহ মাত্রায় অতিরিক্ত শ্রম, পর্যাপ্ত খাবার না পাওয়া এবং বেতন বঞ্চনার শিকার হন। কিন্তু দেশে কিংবা বিদেশে—কোথাও তাদের বিচার পাওয়ার কার্যকর ব্যবস্থা নেই।”

দেশে বিচারপ্রাপ্তির জটিলতা তুলে ধরে তিনি আরও বলেন, “সরকার বলছে ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্মে (ওইপি) অভিযোগ করতে, কিন্তু সাধারণ নারী কর্মীদের এ বিষয়ে কোনো ধারণাই নেই। নড়াইলের কালিয়ার মতো প্রত্যন্ত এলাকা থেকে একজন ভুক্তভোগী ৫০০ টাকা খরচ করে নদী পার হয়ে জেলা শহরের ডেমো অফিসে গিয়ে অভিযোগ করলেও, ঢাকার বনানীতে বসে থাকা রিক্রুটিং এজেন্সিকে সেখানে হাজির করা সম্ভব হয় না। এভাবে বারবার দৌড়ঝাঁপ করে বিচার পাওয়া একজন দরিদ্র নারীর পক্ষে প্রায় অসম্ভব।”

তিনি বলেন, “আমাদের সমাজে নারী অভিবাসীদের প্রতি দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক। একজন নারী ঘর থেকে বের হয়ে বিদেশে কাজে গেলেই গ্রামের এক শ্রেণির মানুষ ও মোড়ল-মাতবররা ধরে নেন, তিনি কেবল যৌন শোষণের শিকার হতেই গেছেন। মেয়েরা যে হাড়ভাঙা খাটুনি খেটে, কোমর বাঁকা করে দেশে টাকা পাঠাচ্ছেন—তা সমাজ দেখতে চায় না। তবে আশার কথা হলো, গন্তব্য দেশগুলোর আধুনিক মনস্ক নিয়োগকর্তাদের দৃষ্টিভঙ্গিতে আগের তুলনায় কিছুটা পরিবর্তন আসছে।”

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক সেবা দিতে দেরি হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, প্রতিদিন তিনি ব্যক্তিগতভাবে ১৫ থেকে ২৫টি আবেদন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দফতরে পাঠান। তার মাধ্যমে সরাসরি পাঠানো অভিযোগগুলোর নিষ্পত্তি অন্যগুলোর তুলনায় দ্রুত হয়।

ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, “বিএমইটি-র বর্তমান আর্বিট্রেশন (সালিশি) ব্যবস্থায় অভিবাসী কর্মীরা ন্যায়বিচারের জায়গা থেকে একেবারেই কোনো সুফল পাচ্ছেন না। আমাদের গবেষণায় দেখা গেছে, কর্মীরা যে পরিমাণ অভিবাসন ব্যয় দিয়ে বিদেশে যান, ক্ষতিপূরণের মাধ্যমে নারীরা তার মাত্র ১২ শতাংশ এবং পুরুষরা মাত্র ১৫ শতাংশ উদ্ধার করতে পারেন। এই আর্থিক ক্ষতির বাইরেও কর্মীরা যে শারীরিক, মানসিক ও সামাজিক শোষণের শিকার হন, তা সালিশি প্রক্রিয়ায় কখনোই বিবেচনায় নেওয়া হয় না। ফলে পুরো প্রক্রিয়াটিই অভিবাসী কর্মীদের ন্যায্য বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে।”

তার মতে, অন্যদিকে সরকার ও রিক্রুটিং এজেন্সি কোনও বিনিয়োগ ছাড়াই এই অভিবাসন থেকে লাভবান হচ্ছে। সরকার রেমিট্যান্স ও অভিবাসন ফি বাবদ রাজস্ব পাচ্ছে, আর এজেন্সিগুলোও আর্থিক সুবিধা নিচ্ছে। অথচ কর্মীরা টাকা খরচ করে প্রতারণা ও শোষণের শিকার হয়ে ফিরে এলেও কোনও ন্যায়বিচার পাচ্ছেন না।