ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে শিক্ষার্থী ভাড়া নিয়ে বিরোধের জেরে অসদাচরণ ও হেনস্তার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ও বিচারের দাবিতে শনিবার (২৮ নভেম্বর) পরিবহনটির ২০টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে নীলক্ষেতের গণতন্ত্র তোরণ দিয়ে বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়। পরে সেগুলো হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে রাখা হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে পরিবহনটির মালিকপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের বৈঠক চলছিল বলে ঘটনাস্থলে উপস্থিত প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিফ আহসান বলেন, ‘শুক্রবার বাসে ওঠার পর স্টুডেন্ট ভাড়া (হাফ ভাড়া) নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়। একপর্যায়ে ভাড়া পরিশোধ করা হলেও তা কিছুটা কম ছিল বলে বাসের কর্মীদের আপত্তি থাকতে পারে। তবে বিষয়টি স্বাভাবিকভাবে সমাধান না করে তারা নারী শিক্ষার্থীদের সঙ্গে উগ্র আচরণ করেন এবং মাঝপথে নামিয়ে দিয়ে চলে যান।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীরা বাসগুলো আটক করেছেন। মালিকপক্ষ ও প্রক্টরিয়াল টিমের সঙ্গে আলোচনা চলছে। ঘটনার সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত বাসগুলো ছাড়া হবে না।’
এ দিকে বাসচালক মো. মনির বলেন, ‘তাদের পরিবহনের একজন কর্মীর সঙ্গে শিক্ষার্থীর ভাড়া নিয়ে কথা-কাটাকাটি ও খারাপ ব্যবহারের ঘটনা ঘটেছে। ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সব বাস আটকে রাখায় শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দৈনিক আয়ের ভিত্তিতে কাজ করেন।’
তিনি জানান, প্রতিদিন মালিককে সাড়ে তিন থেকে চার হাজার টাকা জমা দিতে হয়। বাস চলাচল বন্ধ থাকলে তাদের আয় বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের হাফ ভাড়ার আর্থিক চাপও শ্রমিকদের বহন করতে হয় বলে দাবি করেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্যরা জানান, শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে প্রথম বাসটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনার সময় তারা বিষয়টি সম্পর্কে অবগত হন। পরে বিষয়টি উপাচার্যকে জানানো হয়। যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা চলছে।