লকডাউনের কারণে অসহায় দিন মজুর ও ছিন্নমূল মানুষেরা বিভিন্ন ধরনের সংকটে পড়েছেন। এই সংকট মোকাবিলায় তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ ফিল্ড রেজিমেন্টের উদ্যোগে বুধবার (৭ জুলাই) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর পান্থপথ মোড়ে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ৩০ ফিল্ড রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোহসীন হাসান বলেন, ‘করোনা সংক্রমণের এই সংকটের সময় ছিন্নমূল মানুষ খুবই মানবেতর জীবনযাপন করছেন। এই সংকট রোধকল্পে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘অপারেশন কোভিড শিল্ডের দ্বিতীয় ধাপে সেনাবাহিনীর সদস্যদের অক্লান্ত চেষ্টায় জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কর্মকাণ্ড অব্যাহত আছে। সামাজিক দূরত্ব মেনে চলা, অপ্রয়োজনে ঘর থেকে বাইরে না আসা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সকলকে অবহিত করার পাশাপাশি বিভিন্ন চেক পয়েন্টে কঠোরভাবে নিয়ন্ত্রণ আরোপ করার কাজে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করছেন।’
তিনি বলেন, ‘বিগত ৭ দিনের কঠোর লকডাউনে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবিকা নির্বাহ কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে ছিন্নমূল ও ভাসমান মানুষদের দুর্দশা নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী এই অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে।’
লেফটেন্যান্ট কর্নেল হাসান আরও বলেন, ‘ঢাকায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় গভীর রাতে রাস্তার পাশে ফুটপাতে বসবাস করা এসব ছিন্নমূল পরিবারের হাতে ৭ দিনের খাবার পৌঁছে দিয়ে আর্ত-মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সদস্যরা।’
তিনি বলেন, ‘সেনা সদস্যরা গভীর রাতে কলাবাগান, গ্রিন রোড, হাতিরপুলসহ ঢাকার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন।’