রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে আজ সোমবার (১৬ আগস্ট) দারুসসালাম মাজার রোডে বাসের ধাক্কায় এক নারী মারা গেছেন। তার নাম ফরিদা বেগম (৬০)।

সোমবার দুপুরে লালকুঠি বড় মসজিদের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় সেলিনা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে পাঁচটায় ফরিদাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি দারুসসালাম থানাকে অবহিত করা হয়েছে।

মৃতের ছেলে শাহআলম জানান, গতকাল তার বাবা-মা দারুসসালাম লালকুটিতে বেড়াতে আসেন। আজ বাবার সঙ্গে মা আরেক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন।

কিশোরগঞ্জ জেলার মিঠা মইন উপজেলার ধোবাঝড়া গ্রামের মো. মুনসুর আলীর স্ত্রী ফরিদা বেগম। চার ছেলে ও এক মেয়ের জননী ছিলেন তিনি।