জাপানি পর্যটককে হেনস্তার অভিযোগে অটোরিকশা চালক গ্রেফতার

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় জাপানি নারী পর্যটককে হেনস্তার অভিযোগে মো. হানিফ নামে এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার (১৬ মে) তাকে গ্রেফতার করা হয়। ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সোমবার (১৫ মে) কমলাপুর রেলস্টেশন এলাকায় এক জাপানি নারী পর্যটককে হেনস্তা করে ওই অটোরিকশা চালক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজের সূত্র ধরে ওই চালককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান বলেন, ‘বিদেশি নাগরিকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই দ্রুততার সঙ্গে খতিয়ে দেখে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।’

এর আগে, বাংলাদেশে ঘুরতে আসা অস্ট্রেলিয়ান ব্লগার লিউক ডেম্যান্টকে হেনস্তা করে কালু (৬০) নামে এক ব্যক্তি। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অভিযুক্ত মো. কালুকে ট্যুরিস্ট পুলিশের সহায়তায় গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

অন্যদিকে চলতি বছরের ২৪ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার বধ্যভূমি এলাকায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়েন দুই জাপানি নাগরিক। যদিও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।