রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে মাসুদ (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে ঢাবির শহীদুল্লাহ হলের সামনে যাত্রী ছাউনি পাশের রাস্তার ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম মীর মালত এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বুধবার সকাল ৯টার দিকে ওই এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিল মাসুদ। খবর পেয়ে সকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই বলেন, ‘মাসুদ মাদকাসক্ত ছিল। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। সে ভবঘুরে প্রকৃতির ছিল। এই এলাকায় ঘোরাফেরা করতো। আমরা তার বাড়িতে খবর দিয়েছি।’
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।